- দে । শ
- মার্চ ৫, ২০২৬
জ্বালানি সঙ্কটের মাঝেও উর্ধ্বমুখী ভারতীয় রিফাইনারি সংস্থার শেয়ার, চিনের সিদ্ধান্তে বাজারে নতুন আশা
জ্বালানি সঙ্কট এবং আন্তর্জাতিক অস্থিরতার আবহেও বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেল। ধসের কবল থেকে বেরিয়ে এদিন বৃদ্ধি পেয়েছে সেনসেক্স এবং নিফটি ৫০। এই পরিস্থিতিতে বিশেষভাবে নজর কেড়েছে দেশের বিভিন্ন তেল রিফাইনারি সংস্থার শেয়ারদর, যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকার জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। গত কয়েক দিন ধরেই তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে সেখান থেকে তেল সরবরাহেও বিঘ্ন ঘটেছে। তবুও এই প্রতিকূল পরিস্থিতির মাঝেই ভারতের বেশ কিছু তেল রিফাইনারি সংস্থার শেয়ারদর উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বৃহস্পতিবারের ট্রেডিংয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের শেয়ারদর প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশনের শেয়ারদর বেড়েছে প্রায় ৫.৪ শতাংশ। ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড (এমআরপিএল)-এর শেয়ারদর বেড়েছে প্রায় ৫.৭২ শতাংশ। এছাড়াও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার শেয়ারেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেয়ারদর বেড়েছে প্রায় ২.৮৭ শতাংশ, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের শেয়ার বেড়েছে ২.৩৭ শতাংশ এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের শেয়ার বেড়েছে প্রায় ১.৩৭ শতাংশ।
বিশ্লেষকদের মতে, এই বৃদ্ধির পিছনে অন্যতম কারণ চিন সরকারের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, চিন সরকার তাদের দেশের রিফাইনারি সংস্থাগুলিকে ডিজ়েল ও গ্যাসোলিন রফতানি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
চিনের অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সংস্থা সম্প্রতি সে দেশের একাধিক তেল রিফাইনারি সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকেই নতুন করে জ্বালানি রফতানি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ভারতীয় রিফাইনারি সংস্থাগুলির সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে তৈরি হওয়া এই ঘাটতি ভারতীয় সংস্থাগুলি পূরণ করতে পারলে স্বল্পমেয়াদে তারা লাভবান হতে পারে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এই সম্ভাবনার জেরেই বৃহস্পতিবার দেশের বিভিন্ন তেল রিফাইনারি সংস্থার শেয়ারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে, যা এই খাতে বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা এনে দিয়েছে।
❤ Support Us






