Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৪, ২০২৬

ভোটের মুখে কেরালায় উত্তেজনা! শশী থারুরের কনভয়ে হামলা, জখম নিরাপত্তারক্ষী, গ্রেফতার ৫

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের মুখে কেরালায় উত্তেজনা! শশী থারুরের কনভয়ে হামলা, জখম নিরাপত্তারক্ষী, গ্রেফতার ৫

ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠছে বামশাসিত কেরালা। কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে শুক্রবার গভীর রাতে চাঞ্চল্য ছড়ায় মালাপ্পুরমের ভান্দুর অঞ্চলের চেল্লিথোডুর এলাকায়। অল্পের জন্য রক্ষা পান সাংসদ। তবে সংঘর্ষে গুরুতর জখম হন তাঁর এক নিরাপত্তারক্ষী। ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর প্রার্থী এপি অনিলকুমারের সমর্থনে প্রচারে যাচ্ছিলেন থারুর। রাতের অন্ধকারে আচমকাই মোটরবাইকে চেপে একদল দুষ্কৃতী তাঁর কনভয়কে ধাওয়া করে বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই কনভয়ের গাড়িগুলিকে ঘিরে ফেলে তারা। শুরু হয় ভাঙচুর। গাড়ির উইন্ডস্ক্রিন ও জানলার কাচে লাগাতার আঘাত করা হয়। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ চলতে থাকে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সাংসদকে ঘিরে তৈরি হওয়া বিপজ্জনক পরিস্থিতি বুঝে এগিয়ে আসেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁদের এক জন দুষ্কৃতীদের বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। সংঘর্ষে গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর শনিবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করে থারুর নিজেই আশ্বস্ত করেন সমর্থকদের। তিনি জানান, ‘’অনেকেই খোঁজ নিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমার নিরাপত্তারক্ষী চিকিৎসাধীন, আমি সম্পূর্ণ সুস্থ আছি।’ একই সঙ্গে তিনি জানান, এ ঘটনার পরেও নির্ধারিত কর্মসূচি বাতিল না করে তিনি ২টি সভায় যোগ দেন।

https://x.com/ShashiTharoor/status/2040295914859012445?s=20

মালাপ্পুরম পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত উম্মারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে বলে খবর। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, হামলার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, নাকি অন্য কোনো কারণ রয়েছে।

ভোটের আগে দক্ষিণের রাজ্যে এমন ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়েও উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, কেরালায় আগামী ৯ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হওয়ার কথা।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!