- এই মুহূর্তে দে । শ
- জুন ৫, ২০২৬
নদীপথে বাংলাদেশে পালানোর ছক ! ভাঙড় বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা এনআইএ-এর, সীমান্তে সতর্কতা জারি
ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড়ো পদক্ষেপ নিল ন্যাশনাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। মামলার অন্যতম প্রধান অভিযুক্ত, শওকত মোল্লা-কে আনুষ্ঠানিকভাবে ‘পলাতক’ ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে তিনি যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন, তা নিশ্চিত করতে তাঁর সমস্ত তথ্য বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ-এর একাধিক দল। তবে তদন্তকারীরা পৌঁছানোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ। ফলে দীর্ঘ সময় বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। পরে তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এরপর শওকত মোল্লার ছেলেকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, শওকত মোল্লা নদীপথে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন। স্থানীয় সূত্রের দাবি, শেষবার তাঁকে বাসন্তীর চুনাখালি এলাকায় একটি মোটরবাইকে দেখা যায়। অভিযোগ, বাসন্তীর খেয়াঘাট পেরিয়ে উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া খেয়াঘাট হয়ে সীমান্তের দিকে যাওয়ার ছক ছিল তাঁর। কারণ ওই এলাকা থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব খুবই কম।
তবে স্থানীয় বাসিন্দারা তাঁকে চিনে ফেলায় পালানোর পরিকল্পনা ভেস্তে যায় বলে খবর। পরিস্থিতি অনুকূলে না দেখে তিনি গোপন ঠিকানায় আত্মগোপন করেছেন বলে জানা গিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতভর বাসন্তির সংলগ্ন এলাকা এবং জঙ্গল চষে তল্লাশি চালায় এনআইএ ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এখনো পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। সূত্রের খবর, বর্তমানে শওকত মোল্লা কোনো এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছেন। তাঁর ব্যবহৃত তিনটি মোবাইল ফোনই বন্ধ রয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।
উল্লেখ্য, ভাঙড়-এর চালতাবেড়িয়া এলাকার বামুনিয়ায় বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়, বেশ কয়েকজন আহত হন। সম্প্রতি ওই মামলার তদন্তে গতি আনে এনআইএ। তদন্তের সূত্রে এর আগেই আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত শওকত মোল্লার কোনো খোঁজ না মেলায় তাঁকে ধরতে জোরদার তল্লাশি চালাচ্ছে এনআইএ। তদন্তকারীদের লক্ষ্য, তিনি যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে দেশত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করা।
❤ Support Us






