- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৬, ২০২৫
আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নথিভূক্ত সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টা-র ঘটনায় আদালত অবমাননার মামলা দায়ের হতে চলেছে। এই ঘটনায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন দেশের অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরামানি।
গত সপ্তাহে খাজুরাহোর মন্দিরে বিষ্ণু মূর্তি উদ্ধার ও প্রতিষ্ঠা সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্যে আপত্তি জানান রাকেশ কিশোর। ক্ষোভের বশে তিনি প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা করেন। আদালতের নিরাপত্তারক্ষী ও কর্মীরা তাঁকে দ্রুত আটক করে পুলিশের হাতে তুলে দেন।
তবে, প্রধান বিচারপতি গাভাই নিজে ওই ঘটনায় কোনও কড়া পদক্ষেপ নিতে অস্বীকার করেন। তিনি জানান, এমন তুচ্ছ ঘটনায় তিনি গুরুত্ব দিতে চান না।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র আইনজীবী বিকাশ সিং, এবং দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালত অবমাননার বিষয়টি উত্থাপন করেন বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে। তাঁর সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী।
বিকাশ সিং আদালতে জানান, অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে তিনি অবমাননার মামলা দায়েরের আবেদন করেছেন, কারণ এই ঘটনা সুপ্রিম কোর্টের মর্যাদাকে সরাসরি আঘাত করেছে। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই ঘটনাকে ‘গ্লোরিফাই’ করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক, এবং আদালতের উচিত ‘John Doe’ নির্দেশ (এক ধরনের নিষেধাজ্ঞা) জারি করা।
বিচারপতি সূর্য কান্ত জানান, প্রধান বিচারপতি নিজে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি এবং পরিষ্কারভাবে বলেছেন যে, এমন ঘটনা সুপ্রিম কোর্টকে প্রভাবিত করতে পারে না। তবে বেঞ্চ মনে করেছে, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার অতিরিক্ত প্রচার নাগরিক সমাজে বিভ্রান্তি তৈরি করছে, যা উদ্বেগের বিষয়।
অবশেষে, বার অ্যাসোসিয়েশনের সভাপতির অনুরোধে আদালত সিদ্ধান্ত নিয়েছে, দীপাবলির ছুটির পর আদালত অবমাননার মামলাটি তালিকাভুক্ত করে শুনানি শুরু হবে।
❤ Support Us







