- দে । শ
- মে ২, ২০২৪
ভরদুপুরে শুট আউট বাঁকড়ায়, জখম দুই
ভর দুপুরে হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসে শুট আউট। এই ঘটনায় দুজন জখম হয়েছে।তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর দেড়টা নাগাদ তিনজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি পঞ্চায়েত অফিসে আসে এবং প্রধানের খোঁজ করতে থাকেন। তারপর আচমকাই গুলি ছুঁড়তে শুরু করেন। গুলির শব্দে আতঙ্কিত কর্মীরা ছোটাছুটি শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পালানোর সময় পায়ে গুলি লাগে দুজনের। জখম দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি বাহিনী। এলাকা পাহারা দিচ্ছে র্যাফ।
পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, এই ঘটনায় তিনি নিজে টেবিলের নিচে আত্মগোপন করে প্রাণ বাঁচাতে পেরেছেন। কিন্তু তাঁর বাবা ও কাকার গায়ে গুলি লেগেছে। তাঁর মতে প্রাক্তন সদস্য শেখ সাজিদ এই কাণ্ডের মূল চক্রী। পুলিশ কি ব্যবস্থা নেই সেদিকে তিনি তাকিয়ে আছেন।
হাওড়া সিটি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ডি সি সাউথ বিশ্বজিৎ মাহাত জানিয়েছেন, এলাকার সব সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।তবে গুলি চললেও সরাসরি গুলির আঘাতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ সুত্রে জানা যাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বের যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে তিনি বলেন, “গোষ্ঠীদ্বন্দ্ব কিনা, তা এখনই বলতে পারব না। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।’’
❤ Support Us





