Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৫, ২০২৬

হাওড়ার গোলাবাড়িতে শুটআউট, নিহত প্রোমোটার

আরম্ভ ওয়েব ডেস্ক
হাওড়ার গোলাবাড়িতে শুটআউট, নিহত প্রোমোটার

প্রতীকী ছবি ।

হাড়হিম করা ঘটনা হাওড়ার গোলাবাড়ি এলাকায়। বুধবার ভোর প্রায় ৪টা ১০ মিনিট নাগাদ গোলাবাড়ির পিলখানায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌফিক খান (২৭) নামে ওই যুবকের। তিনি পেশায় প্রোমোটার ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই দুষ্কৃতী বাইকে করে এসে সৌফিকের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় আততায়ীরা।

ঘটনার খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। উপস্থিত হন পদস্থ আধিকারিকরাও। খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সেই ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে।

হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মেঘারিয়া, জানিয়েছেন—প্রাথমিক তদন্তে পুরনো কোনও বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে অনুমান। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের একাংশের দাবি, প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। রোহিত এবং হারুন শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের অভিযোগ, সৌফিকের কাছে মোটা অঙ্কের টাকা তোলা হিসেবে দাবি করা হয়েছিল। সেই নিয়ে বিবাদ চরমে পৌঁছাতেই খুন করা হয়।

এলাকার বিধায়ক গৌতম চৌধুরী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ব্যক্তিগত বিবাদের জেরেই এই খুন বলে তাঁর দাবি। পুরো বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!