- এই মুহূর্তে দে । শ
- জুন ১২, ২০২৬
মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দুর্নীতি, সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজ্যে শিল্পায়নের নামে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ তুলে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলিকে প্রায় ৬৩৫ কোটি টাকা প্রদান করা হয়েছিল। এই অর্থ কোন খাতে এবং কীভাবে ব্যয় হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার কেন্দ্রীয় সরকারের এক যুগের সাফল্য উপলক্ষে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৬৩৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। এই বিষয়ে তদন্ত হবে। কাউকেই ছাড়া হবে না।’ তাঁর দাবি, অতীতে প্রতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দেশ-বিদেশের শিল্পপতিদের বিপুল বিনিয়োগের আশ্বাসের কথা ঘোষণা করা হলেও তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। ফলে বাংলায় প্রত্যাশিত শিল্পায়ন ঘটেনি এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও তেমন অগ্রগতি দেখা যায়নি।
তবে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। তাঁর মতে, শিল্প ও বিনিয়োগ ছাড়া রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, ইতিমধ্যেই একাধিক শিল্প প্রকল্পের প্রস্তাব তাঁর কাছে এসেছে। সেই প্রস্তাবগুলি খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘ছোট, মাঝারি ও বৃহৎ শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। এর ফলে বেকারত্ব কমবে, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবেন এবং রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। পাশাপাশি বৃহৎ বিনিয়োগ এলে সেতু নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা ও রেল যোগাযোগের মতো পরিকাঠামোগত ক্ষেত্রেও উন্নয়ন ঘটবে।’
তিনি আরও জানান, রাজ্যে বিনিয়োগে আগ্রহী শিল্পপতি ও সংস্থাগুলির পটভূমি খতিয়ে দেখা হবে। তাঁদের প্রকৃত উদ্দেশ্য, আর্থিক স্বচ্ছতা এবং অতীতে জমি বা অর্থ তছরুপ সংক্রান্ত কোনও অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হবে। তাঁর কথায়, ‘কেউ শুধুমাত্র সৌজন্য সাক্ষাতে আসছেন, নাকি সত্যিই ‘ডেস্টিনেশন বেঙ্গল’-এ বিনিয়োগ করতে আগ্রহী, তা আমরা নিশ্চিত হতে চাই।’ সব মিলিয়ে, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে ‘ডবল ইঞ্জিন’ সরকারের উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই এদিন স্পষ্টভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
❤ Support Us








