Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৭, ২০২৪

জমি জবরদখল। ধৃত শিলিগুড়ির মেয়রের ঘনিষ্ঠ তৃণমূল নেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
জমি জবরদখল। ধৃত শিলিগুড়ির মেয়রের ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জমি জবরদখল কান্ডে গ্রেফতার হলেন তৃণমূলের ডাবগ্রাম- ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক । এলাকায় তিনি শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলে সুপরিচিত। গৌতম দেব এক সময় ডাবগ্রাম- ফুলবাড়ির বিধায়কের দায়িত্বও সামলেছেন।

অন্যায়ভাবে জমিদখল নিয়ে মুখ্যমন্ত্রী সরব হওয়ার পরই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে নবান্নে বৈঠকে জমি জবরদখল নিয়ে তাঁর ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, জেলা শাসকেরা এসব বিষয়ে বিলক্ষণ অবগত থাকা সত্বেও কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। জমি মাফিয়া চক্রে সরাসরি সরকারি আমলাদের যোগসাজশ থাকার অভিযোগও করেন মমতা। ধৃত তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ আনা হয়েছে বলে কয়েকদিন ধরে প্রশাসনের কাছে অভিযোগ জমা হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর তাঁকে রীতিমতো নজরবন্দী করে ফেলা হয় । তারপর পুলিশ তাঁকে আটক করে বলে জানা গেছে।

কয়েকদিন আগে পুরসভার মেয়রদের নিয়ে বৈঠক করেন মমতা। উপস্থিত শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেবকে জমি মাফিয়াদের ব্যাপারে সতর্ক করেন মমতা। এ সংক্রান্ত একটি কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এই কমিটিতে আছেন অর্থ সচিব মনোজ পন্থ, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা ও সেচ দফতরের সচিব প্রভাত মিশ্র। তাঁদের কাছে নির্দেশ ছিল কোথাও সরকারি জমি দখলের কোনও খবর পেলে সে জমিকে প্রথমে চিহ্নিত করতে হবে। তারপর সে জমি উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনতে হবে ।

প্রশাসনের তরফে কড়া হুঁশিয়ারি পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। দেবাশিস প্রামাণিককে গ্রেফতার তারই একটা প্রাথমিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!