Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ৩, ২০২২

কেকে-র মৃত্যুতে দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাইলেন রূপঙ্কর, ফেসবুক থেকে ডিলিট করলেন ভিডিও

আরম্ভ ওয়েব ডেস্ক
কেকে-র মৃত্যুতে দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাইলেন রূপঙ্কর, ফেসবুক থেকে ডিলিট করলেন ভিডিও

কেকে-র মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেন রূপঙ্কর বাগচী । সাংবাদিক বৈঠক করে বললেন,আমার যে ভিডিওটি গত ক’দিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরামহীন উত্তেজনার তৈরি করেছে এখানে পৌঁছবার আগে সেটি আমি ফেস বুক থেকে ডিলিট করেছি । পরলোকগত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই। কিন্তু আপনাদের মাধ্যমে মুম্বইবাসী —তাঁদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিক দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন, ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখেন।

আমার সংগীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি কখনও। ওড়িশায় বসে করা একটা ভিডিও পোস্ট এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার গোটা পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক ,দুৰ্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে । যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে টালা থানার পুলিশ। নিয়ত হুমকি এসেই যাবে আমার স্ত্রী-র ফোনে। গায়ক হিসেবে দেশেবিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি। তাঁদের আবেগ অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে। স্বীকৃতি পেয়েছি নানান স্তরে । মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমূখী আবেগ বয়ে আনবে কে জানতো ? এত ঘৃণা। এত আক্রোশ। এত বিরুদ্ধতা –আর এই সবকিছু তৈরি হল আমার বক্তব্যে আমি ঠিকমতো গুছিয়ে বলতে না পারায়।
প্রয়াত কেকে সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। থাকার প্রশ্নও ওঠে না। আমি শুধু ওর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্যও আপনারা একইরকম দরদ দেখান। ব্যক্তিগত ভাবে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় গায়ক হিসেবে আমার ব্যক্তিগত কোনো হতাশা নেই। কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা রয়েছে। ইদানিং আরো বেশি করে বারবার মনে হয় দক্ষিণ বা পশ্চিম ভারত যেভাবে তার শিল্পীদের স্বার্থরক্ষার্থে ঝাঁপিয়ে পড়ে ,আমরা যেন সেটা করতে দ্বিধাগ্রস্ত। শিল্প -সাহিত্য -সংগীত সবেতেই প্রাদেশিক পারফর্মার যেন কঠিন খাদের ধারে এক অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে। তাই আমি একার কথা বলতে চাইনি।একটা সমষ্টির কথা বলতে চেয়েছিলাম।

একই সঙ্গে তাই আরও কিছু সমযোদ্ধার নাম করেছিলাম যাঁদের ট্যালেন্ট আমার মতে জাতীয় পর্যায়ের। পরে মনে হয়েছে নামগুলো বলার আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। কিন্তু আবার বলি এককভাবে ইস্যুটা দেখিনি। কেকে-র মতো ভারতবিখ্যাত পারফরমারের নামটা নিছক প্রতীক ছিল। নিছক উপলক্ষ্য । লক্ষ্য কখনো তিনি ছিলেন না। থাকার প্রশ্নও নেই ।
কে জানত, চরম দুর্ভাগ্য কেকে-র জন্য এইভাবে ওঁৎ পেতে রয়েছে। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে এভাবে প্রাণ হারালেন সেটা খুব হৃদয় বিদারক।
আমি আজ আপনাদের কারো সঙ্গে আলাদা করে কথা বলছি না। পরে নিশ্চয়ই বলবো। কিন্তু আজ সেই দিন নয়। আপনাদের কাছে মার্জনা চাইছি আগাম।
রূপঙ্কর বাগচী একটি কেক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনী ‘জিঙ্গল’ গেয়েছিলেন। জনপ্রিয় সেই ‘জিঙ্গল’ এ বার বন্ধ করে দিল সংস্থা । বলিউড গায়ক কেকে-কে নিয়ে করা রূপঙ্করের মন্তব্যকে সমর্থন না করার কথা বলে শুক্রবার সংস্থার তরফে নেটমাধ্যমে জানান হয়েছে, লাগাতার ট্রোলিংয়ের জেরে গ্রাহকদের আবেগকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা । গত ১ জুন থেকে জিঙ্গলটি তুলে নেওয়া হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, কেকে সম্পর্কে রূপঙ্করের মন্তব্য কর্তৃপক্ষ কোনওভাবেই সমর্থন করে না। গ্রাহকদের আবেগের কথা মাথায় রেখেই আমরা ব্র্যান্ডের এই জিঙ্গল বন্ধ করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন।’

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!