Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১, ২০২৫

বাড়লো এসআইআরের সময় সীমা, রাজ্যে আজ অভিযোগ শুনবেন কমিশনের বিশেষ অবজার্ভার

আরম্ভ ওয়েব ডেস্ক
বাড়লো এসআইআরের সময় সীমা, রাজ্যে আজ অভিযোগ শুনবেন কমিশনের বিশেষ অবজার্ভার

সময় মতো এসআইআর–এর কাজ শেষ করতে পারবেন না। কাজের চাপে বিএলও–দের মৃত্যু বাড়ছিল। নানামহল থেকে অভিযোগও উঠে আসছিল। এই অবস্থায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের সময়সীমা বাড়াল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে এসআইআর–এর সময়সীমা ৭ দিন বাড়ানো হয়েছে। ফলে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও এই মেয়াদ বাড়িয়েছে নির্বাচন কমিশন।

রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা ৭ দিন পিছিয়ে দেওয়া হল। ১১ ডিসেম্বরের মধ্যে কমিশনের ওয়েবসাইটে এনুমালেশান ফর্ম আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে। আগে ঠিক ছিল ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত ফর্ম আপলোড করতে হবে। এরপর ১২ থেকে ১৫ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা তৈরি কাজ চলবে। এই খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার ওপর ১৫ জানুয়ারির মধ্যে আপত্তি জানানো যাবে। কোনও ভোটারকে নিয়ে আপত্তি থাকলে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানিতে হাজির হতে হবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে। তারপর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এই মুহূর্তে একসঙ্গে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। সব জায়গাতেই ৪ নভেম্বর থেকে প্রক্রিয়া শুরু হয়েছিল। এনুমারেশন ফর্ম বিলি করা ও বাড়ি বাড়ি গিয়ে জমা নেওয়ার প্রক্রিয়ায় অন্যান্য রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে। এই রাজ্যে প্রায় ৯০% কাজ শেষ করে ফেলেছিলেন বিএলও–রা। তা সত্ত্বেও এসআইআর পিছিয়ে দেওয়া হল, তার কারণ এখনোও বেশ কয়েকটা রাজ্য প্রক্রিয়া শেষ করে উঠতে পারেনি। এই কাজে সব থেকে বেশি পিছিয়ে রয়েছে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ।

এদিকে এসআইআর–এর সময়সীমা বাড়ানো নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জলঘোলা। নির্বাচন কমিশনের সমালোচনায় মুখর তৃণমূল কংগ্রেস, সিপিআইএমসহ বেশ কয়েকটা রাজনৈতিক দল। তৃণমূলের দাবি যেহেতু বিজেপির টার্গেট পূরণ হয়নি, তাই সময়সীমা বাড়ানো হয়েছে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, ‘‌এসআইআর নিয়ে ছেলেখেলা চলছে। বিজেপির টার্গেট ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেওয়া। সেই টার্গেট ওদের পূরণ হয়নি। তাই সময়সীমা বাড়ানো হয়েছে।’ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মুখেও নির্বাচন কমিশনের সমালোচনা শোনা গেছে।‌

রাজ্যে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে আসতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল জাতীয় নির্বাচন কমিশন। আজ সোমবার জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত রাজ্য মুখ্য নির্বাচন দফতরের হাজির থাকবেন। দুপুর সাড়ে ১১ টা থেকে দেড়টার মধ্যে যে কোনও রাজনৈতিক দল, কোনও সংগঠন কিংবা সাধারণ মানুষ এসআইআর সংক্রান্ত যে কোনও অভিযোগ তাঁর কাছে জানাতে পারবেন। সুব্রত গুপ্ত সেই সব অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!