Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩০, ২০২৫

এসআইআর ‘আতঙ্কে’ আত্মহত্যার তালিকা বাড়ছে। বীরভূমে আত্মঘাতী প্রবীণ

আরম্ভ ওয়েব ডেস্ক
এসআইআর ‘আতঙ্কে’ আত্মহত্যার তালিকা বাড়ছে। বীরভূমে আত্মঘাতী প্রবীণ

পাণিহাটির পর এবার বীরভূম ইলামবাজার। এসআইআর-এর ভয়ে ৯৫ বছর বয়সি ক্ষিতীশ মজুমদার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত আতঙ্কের কারণে মানসিক চাপের শিকার হয়ে শেষপর্যন্ত এই করুণ সিদ্ধান্ত নেন তিনি।

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বাসিন্দা ক্ষিতীশ মজুমদার প্রায় ৩ দশক আগে বাংলাদেশ থেকে এসে স্থায়ীভাবে পশ্চিম মেদিনীপুরে বসবাস শুরু করেন। শেষ কয়েক মাস ধরে তিনি মেয়ের বাড়ি, ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লিতে ছিলেন। বুধবার গভীর রাতে তার ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যা হিসেবে দেখছে। নিহতের নাতনি হিরুবালা মজুমদার বলেন, ‘দাদু কয়েকদিন ধরেই এসআইআর আতঙ্কে ভুগছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। তিনি ভাবতেন, এই তালিকায় নাম না থাকলে হয়তো তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই ভয়ই তাকে মানসিকভাবে অস্থির করে তুলেছিল।’ পরিবার আরও জানিয়েছে, ক্ষিতীশ কখনো সরকারি নোটিশ পাননি। তবে আশেপাশের মানুষদের গুজব ও ভুল ধারণার কারণে তার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।

প্রতিবেশীরা জানিয়েছেন, ক্ষিতীশ ছিলেন শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ। কেউ ভাবতেই পারতেন না, এই বৃদ্ধের জীবন এমন করুণ পরিণতির দিকে যাবে। এলাকায় এই খবর ছড়াতেই শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এটি এসআইআর ‘আতঙ্কে’-র কারণে রাজ্যে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রদীপ করও ভোটার তালিকায় নামের ভুল ও এসআইআর ‘আতঙ্কে’ আত্মহত্যা করেন। একইভাবে কোচবিহারের দিনহাটাতেও এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বীরভূমের ঘটনা ঘিরে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। তবে বিজেপির পাল্টা দাবি, ‘আউশগ্রামে বৃদ্ধের নাতনির বিয়ে হয়েছে। নাতনির শাশুড়ি আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি। পুরো বিষয়টাই সাজানো গল্প।’ তবে একের পর এক ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এমন আতঙ্ক আর কতজন মানুষের জীবন কেড়ে নেবে! বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাজনৈতিক বা প্রশাসনিক খবর সংক্রান্ত গুজব বৃদ্ধ বা মানসিকভাবে ভঙ্গুর মানুষদের জন্য বিপজ্জনক হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!