- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ৯, ২০২৬
এস আই আর নিয়ে সুপ্রিম কোর্টে নতুন বিতর্ক, ‘বৈধ নথি নিচ্ছে না কমিশন’, অভিযোগ মেনকা গুরুস্বামীর
বাংলায় বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা বা এস আই আর প্রক্রিয়া নিয়ে আবারও সুপ্রিম কোর্টে মামলা। সোমবার শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বহু বৈধ ভোটারের নাম নতুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, এমনকি ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিতে চাইলেও নির্বাচন কমিশন তা গ্রহণ করছে না।
এই বিষয়ে তিনি বিষয়টি তুলে ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। জানা গেছে, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর ডিভিশন বেঞ্চে।
আদালতে মেনকা গুরুস্বামী দাবি করেন, বাংলায় এমন অনেক ভোটার রয়েছেন যাঁদের নাম আগের ভোটার তালিকায় ছিল, কিন্তু নতুন তালিকায় তা বাদ পড়েছে। শুধু তাই নয়, তাঁরা নিজেদের পরিচয় প্রমাণের জন্য বৈধ নথি জমা দিতে গেলেও তা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশও উত্তপ্ত। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে চার দিন ধরে কলকাতার ধর্মতলায় ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই তাঁর ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন মেনকা গুরুস্বামী। তৃণমূল কংগ্রেস তাঁকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে সাংসদ হওয়ার জন্য।
এদিকে এই সময়েই রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর নেতৃত্বে এই প্রতিনিধি দল ১০ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে থাকবে। তাদের একাধিক কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই সোমবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদলীয় বৈঠক করেছে কমিশনের ফুল বেঞ্চ।
এই প্রেক্ষাপটে বাংলার এস আই আর প্রক্রিয়া নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে মামলা উঠায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মঙ্গলবারের শুনানির দিকে এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
❤ Support Us






