Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ৫, ২০২৫

গল্প শোনাতে আসছে অদূর আসমানের, কাছের সিতারারা। প্রকাশ পেল আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর পোস্টার

আরম্ভ ওয়েব ডেস্ক
গল্প শোনাতে আসছে অদূর আসমানের, কাছের সিতারারা। প্রকাশ পেল আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর পোস্টার

‘তারে জমিন পর’-এর ঈশানের কথা মনে আছে ? ওই যে ছেলেটি যার পড়াশোনায় মন বসে না, কল্পময় নিজের জগতে তার বিচরণ। সে অক্ষর উল্টো লেখে, অঙ্কে ভুল করে। কিন্তু হাতে রঙ তুলি পেলে সে হয়ে ওঠে বেতাজ বাদশা। ঈশান অন্যরকম, আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের মতো নয়, ভুল বলা হলো, আমাদের চারপাশে ঈশানের মতো কত কত ‘হেরে’ যাওয়া পড়ুয়াকে দেখি আমরা। যাঁদের শৈশব-কৈশোর না পারার লাঞ্ছনা, অপমান আর যন্ত্রণায় হারিয়ে যায়। বাবা-মা, পাড়া-প্রতিবেশী, আত্মীয় স্বজনদের ক্রমাগত চাপে নিজেদের কেন্নোর মতো গুটিয়ে নেয় ঈশানেরা। তারে জমিন পারে ইশানের হাত ধরেছিলেন নিকুম্ভ স্যার, অভিনয়ে বলিউডের ‘মিস্টার পারফেকসনিস্ট’ আমির খান। ঈশানের চরিত্রে দর্শীল সাফারীর অভিনয়, সিনেমার অনুভূতিমালা আর সজীব বার্তা আজো দর্শককে টিভির সামনে থেকে উঠতে দেয় না। ঈশানের সেই উত্তরণের গল্পের সময় থেকে পেরিয়ে গেছে ১৮ বছর। দীর্ঘ বিরতি নিয়ে আবার কোনো মায়াময়, শিক্ষনীয়, আবেগের গল্প নিয়ে পর্দায় ফিরছেন আমির। শীঘ্রই ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন আমির। সোমবার আসন্ন ‘সিতারে জমিন পর’-এর প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। জানানো হয়ছে, সিনেমার সম্ভাব্য মুক্তির তারিখ।

আধ্যাত্মিক উত্তরসূরী ‘সিতারে জমিন পার’। সদ্য প্রকাশিত পোস্টারেই ধরা পড়েছে সে ইঙ্গিত। জানা যাচ্ছে, ছবিতে এক ব্যক্তির শিশুদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, সংযোগ, অন্তর্জলী যাত্রা আর পুনরাবিষ্কারের গল্প তুলে ধরা হবে। আবেগঘন যাত্রা, হাস্যরস, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা। ছবিতে অভিনয় করছেন আমির খান, দর্শীল সাফারী এবং জেনেলিয়া দেশমুখ প্রমুখ। ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। পাশাপাশি, এই সিনেমার হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন ১০ জন নবাগত শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন— আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র আর সিমরন মঙ্গেশকর। ছবিটি পরিচালনায় রয়েছেন আর এস প্রসন্ন, যিনি ‘শুভ মঙ্গল সাবধান’ এবং ‘অন আ কোয়েস্ট’-এর মতো ছবি নির্মাণের জন্য পরিচিত। সুরের মূর্চ্ছনা তৈরির দায়ীত্বে রয়েছেন শঙ্কর-এহসান-লয়, গীতিকার অমিতাভ ভট্টাচার্য এবং চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান, রবি ভাগচন্দকা ও অপরণা পুরোহিত।

৩০ মে ছবি মুক্তির কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। পরিবর্তে ২০ জুন -এ দেশজুড়ে মুক্তি পাবে ‘সিতারে জমিন পর। নির্মাতাদের তরফে গত সপ্তাহে ছবির ট্রেলার মুক্তি পাবে বলে জানানো হয়েছিল। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গী হামলার কারণে তাও স্থগিত রাখা হয়। তবে প্রমোশনাল গতি বজায় রাখতে নির্মাতারা এদিন প্রকাশ করলেন ছবির প্রথম অফিসিয়াল পোস্টার। আমির খান প্রোডাকশন থেকে প্রকাশিত পোস্টার এক ঝলক দেখলে ‘তারে জমিন পর’-এর স্মৃতি উসকে দেয়। উজ্জ্বল, হাতে আঁকা ছবির ধরণ; যেখানে তৈরি ফুটবল, বাস্কেটবল হুপের মতো নানা রঙিন আঁকিবুকি জায়গা করে নিয়েছে। এইসব রঙিন চিত্রমালায় ফুটে উঠেছে এক তারুণ্যদীপ্ত, প্রাণবন্ত জগৎ। একদিকে দেখা যাচ্ছে এক তরুণ আমির খানকে, যার চেহারায় মিল রয়েছে ‘রাম শঙ্কর নিকুম্ভ’-এর সঙ্গে। অন্য একটি দৃশ্যে তিনি বসে আছেন বিশেষভাবে সক্ষম কিছু মানুষের পাশে। পোস্টারের মূল বার্তা—’সবকা আপনা আপনা নর্মাল’। নতুন আঙ্গিকে মানবিকতা ও বৈচিত্র্যকে তুলে ধরা। যা দেখে অনুমান করা যায়, সম্পর্কনির্ভর আবিষ্কারের ভিন্নরকম কোনো গল্প শোনাবে ‘ঈশান’রা। প্রত্যেক মানুষের থাকে নিজস্বতা আর স্বাভাবিকতা, এই বোধ অনুভব করাতে, সেগুলিকে সম্মান জানাতে মানবিক আচ্ছাদনে মুড়ে আসছে অদূর আসমানের, কাছের সিতারারা।

এই বছরের প্রজাতন্ত্র দিবসে স্ট্যাচু অফ ইউনিটির সামনে দাঁড়িয়ে ছবির ক্লাইম্যাক্স সম্পর্কে দর্শকদের কিছু ঝলক দেখিয়েছিলেন আমির। সে ঘোষণার পর থেকেই আগ্রহ আর উচ্ছ্বাস বেড়েছে দর্শকমনে। এই সিনেমা কি ‘তারে জমিন পর’-এর মতোই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে ? উত্তর মিলবে ২০ জুন, সিনেমা হলে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!