- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৫, ২০২৫
শিক্ষকের অবসরে বন্ধ পঠনপাঠন। স্কুল চালুর দাবিতে ধর্ণা খুদে পড়ুয়াদের
কালনার শ্বাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্রটির একমাত্র শিক্ষিকা শোভা দাস সাহা অবসর নেওয়ায় গত শনিবার থেকে বন্ধ হয়ে গিয়েছে স্কুল। স্কুলে শিক্ষিকা নিয়োগ করে অবিলম্বে স্কুলটি খোলার দাবি নিয়ে বিডিওর দ্বারস্থ অভিভাবক ও বেশ কয়েকজন ছাত্রছাত্রী। বিডিওর ঘরের সামনে ধরনায় বসলেন। দাবি, অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগ করে স্কুলটি চালু রাখার ব্যবস্থা করা হোক।
সংশ্লিষ্ট কালনা ২নং ব্লকের বিডিও অনিরুদ্ধ মণ্ডল বললেন, ‘ওনাদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনলাম। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব।’ এ প্রসঙ্গে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা শোভাদেবী জানান, ‘স্কুল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানিয়েছিলাম। আমিও চাই স্কুলটি চালু থাক। আমার হাতে গড়া স্কুলটি বন্ধ হয়ে যাচ্ছে দেখে খুবই কষ্ট হচ্ছে।’ জানা গিয়েছে শেষ পর্যন্ত ৩ জন শিক্ষক-শিক্ষিকা এই স্কুলে ছিলেন। একজনের মৃত্যু হয়। আরেকজন কিছুদিন পর অবসর নেন। তারপর থেকে ১৮ জন ছাত্রছাত্রীকে নিয়ে শোভাদেবী চালাচ্ছিলেন। কিন্তু তাঁর চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায় স্কুলটি। বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা করেছেন শোভাদেবী। কয়েকজন ছাত্রছাত্রী আবার এই স্কুলেই পড়বে বলে তাদের অভিভাবকরা ট্রান্সফার সার্টিফিকেট নেননি। অভিভাবকরা স্কুলটি পুনরায় চালু করার দাবি তুলছেন। স্কুলটি বন্ধ হওয়ায় যারা রান্নাবান্নার কাজ করতেন, সেই মহিলারাও বেকার হয়ে গেলেন। গোটা বিষয়টি জেনে কালনা মহকুমা প্রশাসন লাগোয়া কোনও শিশুশিক্ষা কেন্দ্র থেকে একজন শিক্ষককে ওই স্কুলে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করেছে।
❤ Support Us






