- দে । শ
- মে ১৬, ২০২৬
কেতুগ্রামের কৃষক সন্তান সৌম্যদীপ উচ্চমাধ্যমিকে সপ্তম
উচ্চমাধ্যমিক পরীক্ষায় কেতুগ্রামের মালগ্রামের ছেলে সৌম্যদীপ ঘোষ মেধাতালিকায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে। চাষবাস করে সংসার চালানো সত্যেন্দ্রনাথ ঘোষের লক্ষ্য সন্তান সৌম্যদীপকে মানুষ করা। তাই পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দেওয়ান। মেধাবী সৌম্যদীপ ভর্তি পরীক্ষায় ভাল ফল করার সুবাদে পুরুলিয়ায় ভর্তি হয়। উচ্চমাধ্যমিকে ৪৯০ (৯৮ শতাংশ) নম্বর পেয়ে পরিবারের মুখ উজ্জ্বল করল সৌম্যদীপ।
জানা গেল, প্রাথমিক স্কুল স্তর থেকেই প্রত্যেক পরীক্ষাতেই মেধার স্বাক্ষর রাখতে শুরু করে সৌম্যদীপ। মাধ্যমিক পরীক্ষাতে সৌম্যদীপ ৬৫২ (৯৩ শতাংশ) নম্বর পেয়ে কৃতিত্বের পরিচয় দিয়েছিল।
ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করার লক্ষ্যে এগিয়ে যেতে চায় সৌম্যদীপ। নিজের এই সাফল্যের পিছনে সে সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছে তার দাদুকে। এছাড়া বিদ্যালয়ের মহারাজ ও শিক্ষক, বন্ধুবান্ধব, বাবা-মাকেও কৃতজ্ঞতা জানাচ্ছে সৌম্যদীপ। গ্রামের সাধারণ পরিবারের ছেলে সৌম্যদীপ কঠোর পরিশ্রম ও অধ্যবসায়কে পুঁজি করে বড় সাফল্যের দৃষ্টান্ত খাড়া করল।
❤ Support Us






