- দে । শ
- অক্টোবর ২৮, ২০২৪
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুর্বল ব্রিজে ১২ চাকার লরি। ভাঙলো সোনাই নদী সেতু
সরকারি নির্দেশ মেনে দুর্বল সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস যেখানে চলে না সেখানে কোন কিছুর তোয়াক্কা না করে চলছে মালবাহী লরি। নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও বালি বোঝাই ১২ চাকার লরির ধাক্কায় ভাঙলো সোনাই নদীর ওপর কংক্রিটের সেতুর রেলিং। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বালিতি–নিত্যানন্দকাটি পঞ্চায়েত এলাকার সোনাই নদীর ওপর এলাকায় একমাত্র সংযোগকারি সেতুর। পঞ্চায়েত প্রধান ও স্থানীয় মানুষ জানান, দীর্ঘদিন ধরে সেতুটির জীর্ণ দশা। ২০১৮ সালে জেলা শাসক নির্দেশে দুর্বল সেতু তকমা দিয়ে সেতুর ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যার ফলে, একটি বেসরকারি বাসরুট চলাচল বন্ধ ওই সেতুর ওপর দিয়ে। কিন্তু প্রশাসনের চোখে ধুলো দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল করছিল দিব্যি। যাত্রীবাহী বাস না চললেও, এলাকার মানুষের আপত্তি সত্ত্বেও ইট,বালি, পাথর সহ অন্যান্য ভারি সামগ্রী নিয়ে ট্রাক চলছে দিব্যি। এদিন বেলা ১২ টা নাগাদ একটি বালি বোঝাই ১২ চাকার ট্রাক ওই সেতুর ওপর নিয়ন্ত্রণ হারায়।
সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। মারাত্মক ভাবে ক্ষতি হয় সেতুটির।সেতুর পাশের রেলিং ভেঙে ট্রাকটি কাত হয়ে পড়ে। বড় বিপদ না হলেও মারাত্মক ভাবে ক্ষতি হয় সেতুটির ট্রাকের। চালক, খালাসি পলাতক। খবর পেয়েই ছুটে আসে স্বরূপনগার থানার পুলিশ। বালতি–নিত্যানন্দকাটি পঞ্চায়েতের প্রধান সাবিকুন নাহার বলেন, ২০১৮ সাল থেকে দুর্বল সেতুর হিসেবে জেলাশাসক ঘোষনা করেন। তার পর থেকে ওই সেতুতে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু নিষেধাজ্ঞা না মেনে বালি ভর্তি একটি লরি সেতুর ওপর পাল্টি খেয়ে বিপদ ঘটিয়েছে। এবিষয়ে পুলিশ ও জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্য শেখ ইলিয়াস বলেন, ‘ওই সেতুর ওপর চারচাকা গাড়ি, বাস, লরি চলাচল সরকারি নির্দেশে বন্ধ। কিন্তু আমরা দেখছি কিছু ব্যবসায়ী সুযোগ বুঝে রাতের অন্ধকারে বা দিনের বেলাতেও বালি, পাথর, ইট বোঝাই লরি নিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘এই পঞ্চায়েত ছাড়াও পাশের আরও ২ টি পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেন। অফিস, স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারে যাওয়া আসা এই ব্রিজের ওপর দিয়ে। ফলে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। আমাদের দাবি ব্রিজটির সংস্কার অথবা নতুন করে করা হোক।’
❤ Support Us





