- দে । শ
- মার্চ ২৫, ২০২৬
অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হাসপাতালে
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস সংসদীয় দলের নেত্রী এবং রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। মঙ্গলবার রাতে হঠাৎ করেই বুকে ব্যাথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোনিয়াকে হাসপাতালে ভর্তির সময় হাজির ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দু’মাস আগেও স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
৭৯ বছর বয়সী সোনিয়া গান্ধী বুকে ব্যাথা অনুভব করছিলেন। শ্বাসকষ্টও শুরু হয়েছিল। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে স্যার গঙ্গা রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই নানা পরীক্ষা–নিরীক্ষা করা হয়। সেই সময় রাহুল ও প্রিয়াঙ্কা সঙ্গে ছিলেন। সোনিয়ার অসুস্থতার খবর পেয়ে গভীর রাতেই কয়েকজন কংগ্রেস নেতা হাসপাতালে ছুটে আসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে সোনিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটা দল গড়া হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন ডাঃ অনুপ বসু। হাসপাতাল কর্তৃপক্ষ ও দলীয় সূত্র জানিয়েছে যে বর্তমানে সোনিয়ার অবস্থা স্থিতিশীল। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। দূষণের কারণে বেশ কিছুদিন ধরেই কাশিতে ভুগছিলেন সোনিয়া।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই রাম গঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। সেই সময়ে চিকিৎসকরা জানিয়েছিলেন, দিল্লির শীত ও বায়ু দূষণের কারণে তাঁর ব্রঙ্কিয়াল অ্যাজমা সামান্য বেড়ে গিয়েছিল। ২০২৫ সালের জুন মাসেও পেটের সমস্যার কারণে তাঁকে স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৬ দিন পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তার আগে ওই মাসেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কংগ্রেস নেত্রীকে সিমলার একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
❤ Support Us






