Advertisement
  • দে । শ
  • জুলাই ২৯, ২০২৩

রাহুলের বিয়ে দেওয়া নিয়ে আর্জি কৃষক মহিলার, পালটা জবাবে প্রশ্নকারীকেই দায়িত্ব নেওয়ার অনুরোধ সোনিয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
রাহুলের বিয়ে দেওয়া নিয়ে আর্জি কৃষক মহিলার, পালটা জবাবে প্রশ্নকারীকেই দায়িত্ব নেওয়ার অনুরোধ সোনিয়ার

বয়স প্রায় ৫৫ ছুঁই ছুঁই। চুল-দাড়িতেও পাক ধরেছে। তবু এখনো চিরকুমারের তালিকায় রাহুল গান্ধী। তিপান্নটি বসন্ত কাটিয়ে দেওয়ার পরও মনের মতো  জীবনসঙ্গী আজও তাঁর অধরা। তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাই কংগ্রেস নেতার অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন হরিয়ানার এক কৃষক মহিলা। এ ব্যাপারে মা সোনিয়াকে অনুরোধ করলে তিনি স্পষ্টই বলে দেন, আপনারাই যোগ্য পাত্রীকে খুঁজে এনে দিন।

হরিয়ানার সোনিপতের একদল কৃষক মহিলা মধ্যাহ্নভোজনের জন্য রাহুল গান্ধির দিল্লির বাসভবনে আমন্ত্রিত হয়েছিলেন। সেখানেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও তাঁর কন্যা প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁদের কথোপকথনের সেই ভিডিও টুইট করেছেন রাহুল। রীতিমতো ঘরোয়া আড্ডায় হাল্কা চালের কথাবার্তায় মেতে ওঠেন তাঁরা। সেখানেই প্রসঙ্গক্রমে উঠে এল ইন্দিরা পৌত্রর বিয়ের প্রসঙ্গ। যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। কেউ কেউ তা দেখে  লিখেছেন, প্রকৃত ভারত এটাই, যেখানে ঘৃণা ও দ্বেষের স্থান নেই। আছে শুধু ভালোবাসা ও আতিথেয়তা।

মাস খানেক আগে পাটনায় বিরোধীদের বৈঠকেও একই কথা বলেছিলেন লালুপ্রসাদ যাদব। রাহুল বিওয়ে করতে চান না এমন কথা অবশ্য কখনো বলেননি। গত বছর ভারত জোড়ো যাত্রার মধ্যেই একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মনের কথা খুলে বলেন কংগ্রেস নেতা। জানিয়ে দেন, নিজের পছন্দমতো কাউকে খুঁজে পেলে অবশ্যই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন। তবে, জীবনসঙ্গী কেমন হবে সে সম্পর্কে তাঁর স্পষ্ট বক্তব্য, আমার মা আর ঠাকুমা-দু’জনের গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তেমন কাউকেই বিয়ে করব। এব্যাপারে কোনো লুকোছাপা যে রাখতে চান না তা স্পষ্ট জানিয়ে দেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!