Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১০, ২০২৬

জয়পুরে বেপরোয়া অডির তাণ্ডব, মৃত্যু ১, গুরুতর আহত ১৬

আরম্ভ ওয়েব ডেস্ক
জয়পুরে বেপরোয়া অডির তাণ্ডব, মৃত্যু ১, গুরুতর আহত ১৬

শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল জয়পুর। বেপরোয়া গতির একটি বিলাসবহুল অডি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন অন্তত একজন পথচারী, আহত হয়েছেন আরও ১৬ জন। ঘটনাটি ঘটেছে জয়পুরের জার্নালিস্ট কলোনি এলাকার খারাবাস সার্কেলের কাছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। সেই সময় একটি দ্রুতগতির অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গাড়িটির মুখ ঘুরে যায় পথচারীদের দিকে। নিয়ন্ত্রণ হারানো গাড়িটি তীব্র গতিতে সামনে এগিয়ে গিয়ে রাস্তার পাশে থাকা ফুডস্টল ও একাধিক পথচারীকে ধাক্কা মেরে প্রায় ৩০ মিটার পর্যন্ত চলে যায়।

এই তাণ্ডবে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম রমেশ ব্যারওয়া। আহত ১৬ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় অডি গাড়িটিতে মোট চারজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে, তবে বাকি তিনজন ঘটনার পর থেকে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার সময় চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!