- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ১৬, ২০২৫
যুবভারতী কাণ্ডে প্রশাসনিক কড়া পদক্ষেপ, ডিজিপি-সহ শীর্ষ আধিকারিকদের শোকজ। মুখ্যমন্ত্রীকে ইস্তফার চিঠি ক্রীড়ামন্ত্রীর
যুবভারতী ক্রীড়াঙ্গনে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় রাজ্য সরকার একের পর এক কড়া প্রশাসনিক পদক্ষেপ করল। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে নির্দেশ দিয়েছে নবান্ন।
দায়িত্বে গাফিলতির অভিযোগে বিধাননগরের ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিন্হাকেও শোকজ করা হয়েছে। যুবভারতীর দায়িত্ব থেকে সরানো হয়েছে অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে চারজন আইপিএস অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে রাজ্য সরকার। এই SIT-এ রয়েছেন ADG আইন-শৃঙ্খলা জাভেদ শামিম, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পীযূষ পাণ্ডে, ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলিধর রায়।
অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটির রিপোর্টে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর, ছড়িয়ে-ছিটিয়ে থাকা জলের বোতল, ভাঙা চেয়ারসহ চরম অব্যবস্থার চিত্র উঠে এসেছে। কমিটির মতে, আগের দিন পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের বৈঠক হওয়া সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ত্রুটি ছিল, যা তদন্তসাপেক্ষ।
এদিকে, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর, নিরপেক্ষ তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি অব্যাহতি চেয়েছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফার চিঠি বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী।
❤ Support Us





