- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৬, ২০২২
আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ফেবারিট, তবে ফাইনালের লড়াইয়ে ভারতের সামনে জটিল অঙ্ক!
আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। বলতে গেলে আজকের ম্যাচ রোহিত শর্মাদের কাছে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই।
চিত্র সংগৃহীত
সুপার ফোরে পাকিস্তানের কাছে হার ভারতের সামনে কঠিন করে দিয়েছে ফাইনালে ওঠার লড়াই। আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। বলতে গেলে আজকের ম্যাচ রোহিত শর্মাদের কাছে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই। হারলেই কার্যত বিদায় হয়ে যাবে ভারতের। তখন তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর দিকে। আর ভারত যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে যায়, তাহলে দারুণভাবেই জমে যাবে সুপার ফোরের লড়াই।
পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরেই ভারতের সামনে পরিস্থিতি কঠিন হয়ে গেছে। সুপার ফোরে এই মুহূর্তে একটা করে ম্যাচ জিতেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হারিয়েছিল আফগানিস্তানকে। ভারত ও আফগানিস্তান এখনও জেতেনি। ভারতের দুটি ম্যাচ বাকি শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে, পাকিস্তানও শেষ দুটি ম্যাচ খেলবে এই দুই প্রতিপক্ষর বিরুদ্ধে। ভারত যদি আজ শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে ফাইনালে ওঠার লড়াই কঠিন হয়ে যাবে। অন্যদিকে ফাইনালের দিকে পা বাড়াবে দাসুন শনাকার দল। ফাইনালে যেতে গেলে দুটি ম্যাচেই জিততে হবে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান যেভাবে খেলছে, ভারতকে জিততে গেলে যথেষ্ট বেগ পেতে হবে। শ্রীলঙ্কার কাছে হারলেও আফগানিস্তান কিন্তু গোটা এশিয়া কাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে।
এই মুহূর্তে লিগ লিগ টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ ২ পয়েন্ট। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। পাকিস্তানের (+০.১২৬) থেকে নেট রানরেট ভাল থাকার সুবাদে শীর্ষে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নেট রানরেট +০.৫৮৯। ভারত রয়েছে তৃতীয় স্থানে। রোহিত শর্মার দলের নেট রানরেট –০.১২৬। চতুর্থ স্থানে থাকা আফগানিস্তানের নেট রানরেট –০.৫৮৯। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল ফাইনালে যাবে। পয়েন্ট সমান হলে সেক্ষেত্রে নেট রানরেট দেখা হবে। এই পরিস্থিতিতে দুটি ম্যাচই জিততে হবে ভারতকে। শুধু জিতলেই হবে না, নেট রানরেটও ভাল জায়গায় নিয়ে যেতে হবে।
পাকিস্তান যদি আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে বাবর আজমদের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে যাবে। আর এই দুটি ম্যাচের মধ্যে একটা যদি জেতে তাহলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। শ্রীলঙ্কা যদি ভারত ও পাকিস্তানকে হারায় তাহলে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে যাবে। পাকিস্তান যদি আফগানিস্তানকে হারায় সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও পাকিস্তান ফাইনালে যাবে। যদি আফগানিস্তান বাকি দুটি ম্যাচেই হেরে যায় এবং পাকিস্তান শ্রীলঙ্কাকে হারায় এবং শ্রীলঙ্কা ভারতকে হারায় তাহলেও ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কোনও দুটি দল যদি ২ বা ৪ পয়েন্টে দাঁড়িয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। ফলে ভারত বাকি ম্যাচগুলি যদি বড় ব্যবধানে জেতে, তাহলে নেট রান রেট ভালো থাকার সুবাদে খুলতে পারে ফাইনালের দরজা। থাকবে ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনাও। তবে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মারা ফেবারিট হিসেবেই মাঠে নামবে।
❤ Support Us








