Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৮, ২০২৫

যাদবপুরের ঘটনায় সৃজন ভট্টাচার্যকে তলব পুলিশের। ক্যাম্পাস চত্বরে রাজনৈতিক মিছিলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুরের ঘটনায় সৃজন ভট্টাচার্যকে তলব পুলিশের। ক্যাম্পাস চত্বরে রাজনৈতিক মিছিলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনার তথ্য চেয়ে এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে সেদিনের ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছিল বাম ছাত্র সংগঠন। অন্যদিকে শুক্রবারও যাদবপুর নিয়ে হাই-কোর্টের ভৎসনার মুখে পড়ল কলকাতা পুলিশ। ক্যাম্পাস চত্বরে রাজনৈতিক মিছিলে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি করেছে। শর্তসাপেক্ষে মিলেছে বিজেপির মিছিলের অনুমতি।

বাংলার রাজনীতিতে যাদবপুরের ঘটনা খবরের শিরোনাম দখল করে রেখেছে। চলছে রাজনৈতিক চাপানোতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওয়েবকুপার অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ব্রাত্য বসুর বিরুদ্ধে ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেবার অভিযোগ উঠেছে । ঘটনায় গুরুত আহত হয়েছেন ইন্দ্রানুজ রায়, অভিনব বসু সহ একাধিক পড়ুয়ারা।  কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে সেদিনের ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছিল এফএফআই। এবার অশান্তির ঘটনার তথ্য চেয়ে এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ যাবতীয় তথ্য নিয়ে যাদবপুর থানায় যাবেন বলে জানিয়েছেন প্রাক্তন ছাত্রনেতা।  এ প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য তদন্তে রকম সহায়তা করবার আশ্বাস দিয়ে বলেছেন, ‘ওই দিনের ঘটনার সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম না। সমাজমাধ্যম থেকে সংগ্রহ করা কিছু ছবি ও ভিডিও আমার কাছে রয়েছে। সেগুলি পুলিশের হাতে তুলে দেব।’ এরপর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে পুলিশের এত গড়িমসি  কেন? তাঁদের কেন ডাকা হচ্ছে না? আমাকে তলব করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে।’

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারী পড়ুয়ারা শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করে তাঁকে হেনস্তা করেছে ছাত্ররা , সংঘর্ষে আহত হয়েছেন শিক্ষামন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। পাল্টা ছাত্রদের তরফে অভিযোগ, তৃণমূল ক্যম্পাসে বহিরাগত লোকজন ঢুকিয়ে তাঁদের মারধোর করেছে। ঘটনার ঠিক পর পর এএএফআই একটি সাংবাদিক সম্মেলন করে। সেখানে বিভিন্ন ছবি ও ভিডিও দেখিয়ে দাবি করা হয়, আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়েছিল। শুরু হয় পক্ষ-বিপক্ষের যুক্তি-অযুক্তি প্রদর্শন। ছবি-ভিডিওর পাল্টা যুক্তি দিতে শুরু করেছিল জোড়াফুল শিবির, এমনকি আহত ছাত্রের সঙ্গে মাওবাদী যোগের গুরুতর অভিযোগ তুলেছে তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। শাসক শিবিরের নেতাদের তরফ থেকে এসেছে যাদবপুর দখল করবার হুমকি। এদিকে,  শিক্ষামন্ত্রী সহ অভিযুক্তদের শাস্তি চেয়ে, উপাচার্যকে ক্ষমা চাইতে হবে, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, বিবিধ দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্ররা ধর্ণায় বসেছে। চলছে একাধিক বিক্ষোভ কর্মসূচী। সোমবার থেকে প্রশাসনিক কাজ বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। অন্তর্বর্তী উপাচার্য অনুপস্থিত, সহ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজে রাজ্যের বাইরে, এমত অবস্থায় ছাত্রদের দাবি করা কর্মসমিতির বৈঠক প্রশ্নের মুখে।

যাদবপুর ক্যাম্পাসের শান্তি ফেরাতে শুক্রবার বৈঠক ডেকেছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যে অনুসন্ধান কমিটির রিপোর্ট জমা পড়েছে তাঁর কাছে। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল যাদবপুরের উপাচার্যকে। কিন্তু শারীরিক অসুস্থতাজনিত কারণে উপাচার্য ভাস্কর গুপ্ত সশরীরে রাজভবনের বৈঠকে যোগ দিতে পারেননি।   অনলাইনে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য প্রথম দিকে কিছুটা সময়ের জন্য বৈঠকে যোগ দিলেও অসুস্থতার জন্য পুরো সময় থাকতে পারেননি। সূত্রের খবর, রাজ্যপাল এই বৈঠকে ক্যাম্পাসে হিংসার বিষয়ে উপাচার্যদের সতর্ক থাকার কথা বলেছেন। ক্যাম্পাসে শান্তি বজায় রাখার ক্ষেত্রে তাঁদের বিশেষ ভূমিকার কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।  উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার আদর্শ আবহ ফিরিয়ে আনতে একাধিক পরামর্শ দিয়েছেন।  পড়ুয়াদের নিরাপত্তা আর ক্যাম্পাসে ভয়হীনতার পরিবেশ সুনিশ্চিত করবার আহ্বান জানিয়েছেন। তাঁর পরামর্শগুলির মধ্যে ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তার জন্য একটি টিম তৈরি, নজরদারি বৃদ্ধি, অধ্যাপক-উপাচার্যের সঙ্গে পড়ুয়াদের আরও ভালো সম্পর্ক তৈরি করা, প্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলা সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল করার মতো বিষয় রয়েছে। এছাড়াও প্রযুক্তির সাহায্য নিয়ে ক্যাম্পাসে ঘটা কোনো অন্যায়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়াও, জরুরি পদক্ষেপ বলে মনে করছেন আচার্য।

গত বুধবার হাইকোর্টের নির্দেশের পর যাদবপুরের ঘটনায় ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, হেনস্তা, শ্লীলতাহানীর মতো একাধিক মামলা রুজু করেছে পুলিশ। বিচারপতির তীব্র ভৎসনার মুখে পড়তে হয় পুলিশ-প্রশাসনকে। একদিকে পুলিশের অতি সক্রিয়তা, অন্যদিকে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। রাজ্যের গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, ‘এই ঘটনা সহজেই এড়ানো যেত। পুলিসের গা ছাড়া মনোভাবের জন্য বিপত্তি’।  তাঁর প্রশ্ন ছিল, ‘স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন? গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন’ ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আলাদত। শুক্রবারও বিচারপতির কণ্ঠে একই সুর দেখা গেল। আদালতের পর্যবেক্ষণ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রশ্ন করেন, কেন সেদিন ক্যাবিনেট মন্ত্রীর কাছে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঙ্গে ছিলেন না? কল্যাণ জবাব দেন,  ‘২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ পিকেট বসানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তা করতে দেয়নি বিশ্ববিদ্যালয়। অনেক ক্ষেত্রে নিরাপত্তা কর্মীকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কোনও রাজনৈতিক সভা বা দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সঙ্গে নিয়ে যাওয়া যায় না’।  কল্যাণের যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি। এরপরই বিচারপতির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কল্যাণ। তাঁর বিরুদ্ধে আদালত আববামনার অভিযোগ তুলেছেন বিচারপতি। এরপরই কল্যাণ শপথ নেন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আর সওয়াল করবেন না। এরপর আদালতকক্ষ ছেড়ে বেরিয়ে যান।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক দলগুলির মিছিল বা কর্মসূচী করা নিয়ে বড়ো নির্দেশ শোনালো কতকাতা হাই কোর্ট।  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, ‘আপাতত আদালতের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও কর্মসূচি করতে পারবে না কোনও রাজনৈতিক সংগঠন। তাই শুভেন্দু অধিকারীর শনিবারের মিছিলের রুট বদলে নবীনা সিনেমা হল থেকে শুরু করে যাদবপুর থানার ১০০ গজ বা ৩০০ ফুট দূরে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। যাদবপুরেই কেন কর্মসূচি করতে হবে। অন্যত্র করা যেতে পারে।’ বিজেপির আইনজীবীর উদ্দেশে বিচারপতি ঘোষ বলেন, ‘বিরোধী দলনেতার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। এটা তো কোনও ছাত্রদের কর্মসূচি নয়। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মিছিল করা যাবে। সংশ্লিষ্ট থানা আইন-শৃঙ্খলার বিষয়টি দেখবে। এছাড়া আয়োজকদেরও নজর রাখতে হবে পরিস্থিতির দিকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ মার্চ।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!