- দে । শ
- মার্চ ২০, ২০২৫
গ্রামীণ হাসপাতালও এবার সিসিটিভি নজরদারির আওতায়
রোগীদের নিরাপত্তা, সুরক্ষা, রোগীর পরিবারের লোকজন-সহ রোজ হাসপাতালে আসা হাজার-হাজার মানুষের গতিবিধি নজরবন্দি করতে পূর্বস্থলী ১নং ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে বসানো হল সিসি ক্যামেরা। এর ফলে বিভিন্ন ঘটনার প্রমাণ যেমন হাতেনাতে মিলবে, তেমনই সহজে পাওয়া ভিডিও ফুটেজ দেখেই বিভিন্ন সমস্যার সমাধান অনায়াসেই করা সম্ভব হবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ব্লক স্বাস্থ্য আধিকারিক শৌনক সোম বলেন, ‘হাসপাতালের আউটডোর, ইনডোর, ফার্মাসি, স্টোর, মেনগেট ও করিডর মিলিয়ে মোট ১৬টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে এটা ভীষণ প্রয়োজন ছিল।’
উল্লেখ্য, পূর্বস্থলী ১নং ব্লকের শ্রীরামপুর (চাঁদপুর) গ্রামীণ হাসপাতালে রোগীর চাপ ক্রমশ বেড়েই চলেছে। কারণ এই এলাকার পাশে থাকা নবদ্বীপ ও মন্তেশ্বর ব্লকেরও একটা বড় অংশের রোগী এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেন। ৩০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকদের কাছে যা অনেক সময় চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। তাই এই হাসপাতালের শয্যাসংখ্যা বাড়াতে তৎপর হয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ১০০ শয্যা বিশিষ্ট নতুন চারতলা বিল্ডিং নির্মাণ হয়েছে। অতিরিক্ত পরিষেবার জন্য পাবলিক হেলথ ইউনিটও চালু হয়েছে। প্রতিদিন কয়েকশো মানুষ বিভিন্ন পরীক্ষা করান। এছাড়াও ইনডোর ও আউটডোর মিলিয়ে রোজ চারশরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পান। তাই সিসিটিভি বসানো অনিবার্য হয়ে পড়ে। সিসিটিভিতে নজরদারি চালানো হবে ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে। হাসপাতাল সূত্রের খবর, এর ফলে অনেক ঘটনাই নজরবন্দি করা যাবে। অনেক সময় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবারের লোকজন হাসপাতালে যেমন উত্তেজনা ছড়ায়, তেমনই হাসপাতাল চত্বরে অবাঞ্ছিত লোকজনের গতিবিধির নজরদারিতে রোগীদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যাহত হয়। সেক্ষেত্রে তদন্তে সঠিক তথ্য জানতে সিসিটিভির ফুটেজ কাজে লাগবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ।
❤ Support Us






