Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২০, ২০২৩

কুন্তল ঘোষের চিঠি মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
কুন্তল ঘোষের চিঠি মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা অভিষেকের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন।কুন্তল ঘোষের চিঠি নিয়ে ইতিমধ্যেই বেশ জটিলতা সৃষ্টি হয়েছে রাজ্য-রাজনীতিতে, তা আমরা দেখেছি। এই নিয়ে আদালতও ইতিমধ্যে বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এই মামলায় আগে সুপ্রিম কোর্ট কোনও রক্ষাকবচ দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অভিঅেক বন্দ্যোপাধ্যায় ৪৮২ ধারায় মামলা দায়ের করতে পারেন। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ, বৃহস্পতিবার মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিবিআই যে তাঁকে ফাঁসাতে চাইছে। গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হেফাজতে নিয়ে মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল সিবিআই। তার জন্য চাপও দেওয়া হয়েছিল তাঁদের ওপর। অভিষেকের এই দাবির পরই কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারক এবং হেস্টিংস থানাকে চিঠি লিখে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বকার জন্য সিবিআই তাঁকে চাপ দিচ্ছে। এই অভিযোগ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

এদিকে সেখানেই থেমে না থেকে ৬ এপ্রিল জেল থেকে সোজা বিচারককে চিঠি লেখেন কুন্তল ঘোষ। সেখানে তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁর উপর চাপ দিচ্ছে সিবিআই অফিসাররা। কুন্তলের লেখা চিঠি ওই দিনই আদালত কক্ষে দেখান বিচারক। আর কুন্তলের আইনজীবীর উদ্দেশে বিচারক বলেন, ‘এই চিঠিতে যা অভিযোগ করা হচ্ছে তা তো কখনও আদালতে বলেননি?’ বিচারপতির এই প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, ‘জেলে কুন্তলের সঙ্গে আমরা দেখা করতে পারছি না। তাই কিছু বলতে পারিনি।’ তবে এই জেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে সিবিআইকে অনুমতি দিয়েছিল আদালত। সিবিআই জানিয়েছে, কুন্তলের তোলা সমস্ত অভিযোগ মিথ্যে।

সিবিআই বিষয়টি কলকাতা হাইকোর্টের সামনে নিয়ে এলে সিবিআইকে পৃথক এফআইআর দায়ের করে তদন্ত করতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর ২০ মে এই মামলাতেই সিবিআই টানা ৯ ঘণ্টা ৪০ মিনিট নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল। এই মামলায় অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। এবার আবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ জুলাই এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!