- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৩, ২০২৫
কালনার উৎসবে পদপিষ্ট ১০। হাসপাতালে ভর্তি ২ মহিলা
গানের অনুষ্ঠান দেখতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট ১০। তাদের মধ্যে ৫ জনই মহিলা। রবিবার রাতে কলকাতা-মুম্বইয়ের সেলিব্রিটি শিল্পীদের অনুষ্ঠান দেখতে কাতারে কাতারে লোক জড়ো হয় কালনা শহরেরর পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য ও পিঠেপুলি উৎসবের মাঠে। লাগামছাড়া ভিড়ের চাপে হুলুস্থূল অবস্থার শিকার শ্রোতা-দর্শকরা। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। অতিরিক্ত ভিড়ের চাপ সহ্য করতে না পেরে ৫ মহিলা-সহ জখম ১০। ২ মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কালনা মহকুমা হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। উন্মত্ত জনতার চাপ নিয়ন্ত্রণ করতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়।
পিঠেপুলি উৎসবের শেষ রাত ছিল রবিবার। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সঙ্গীতশিল্পী জোজো ও মুম্বাইয়ের পলক মুচ্ছল। টিকিটের বালাই ছিল না। ফলে প্রচুর জনসমাগম হয়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভিড়ের চাপে ঠেলাঠেলিতে পদপৃষ্ট হন বেশ কয়েকজন। ১০ জনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের পাশে দাঁড়াতে ও চিকিৎসার তত্ত্বাবধান করতে রাত ১২টা নাগাদ হাসপাতালে হাজির উৎসবের মূল উদ্যোক্তা দেবপ্রসাদ বাগ। তিনি বলেন, ‘উৎসবের মাঠের মধ্যে কিছু ঘটেনি। যা হয়েছে সবটাই বাইরে। আহতদের পাশে আছি। সবরকম সাহায্য করব।’ স্ত্রীর পা ভেঙেছে শুনে হাসপাতালে ছুটে এসেছেন সুশান্ত বারুই। বললেন, ‘ছোট জায়গা। আর অগুনতি লোক। ঢুকতে গিয়ে পিছন থেকে ভিড়ের ঠেলায় আমার স্ত্রীর মতো অনেকেই পড়ে যায়। তাদের উপর দিয়ে কাতারে কাতারে মানুষ চলে যাওয়ায় এই ঘটনা।’ উল্লেখ্য যে গত বছরও এমন কাণ্ড হয়। পরের বছর থেকে উদ্যোক্তারা যাতে এ ব্যাপারে সচেতন হন, সেই আর্জি জানিয়েছেন শহরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন।
❤ Support Us







