Advertisement
  • দে । শ
  • আগস্ট ৮, ২০২৫

কালনার সংস্থাকে সাড়ে ৬ লাখ পরিবেশবান্ধব রাখির বরাত রাজ্য সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনার সংস্থাকে সাড়ে ৬ লাখ পরিবেশবান্ধব রাখির বরাত রাজ্য সরকারের

রাখিবন্ধনে পরিবেশবান্ধব ভাবনার স্বাক্ষর রাজ্য সরকার। রাজ্যের সংস্কৃতি দিবস পালনের জন্য ‘বিশ্ব বাংলা’ মারফত এবার ৬ লক্ষ ৬০ হাজার রাখির বরাত পেয়েছে কালনার উইভার্স এন্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি। রাজ্য সরকারের বিশ্ববাংলা লোগোকে মাঝে রেখে দু’দিকে পাটের বন্ধনী দিয়ে দিনরাত এক করে রাখি তৈরি করেছেন সংস্থার মহিলা কারিগররা। উল্লেখ্য যে, রাখিবন্ধন উৎসবের দিনটি রাজ্য সরকার ‘সাংস্কৃতিক দিবস’ হিসেবে পালন করে।

কালনার রাখি শিল্পের সুনাম দীর্ঘদিনের। এখানকার তৈরি রাখি রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যে এমনকী বিদেশেও পাড়ি দেয়। ঘরে বসে বাড়ির মহিলারা সংসারের কাজ সামলানোর পাশাপাশি রাখি তৈরি করে মাসে ৩ থেকে ৪ হাজার টাকা রোজগার করেন। রাখি তৈরি করানোর পাশাপাশি দক্ষ কারিগর তৈরি করতে কালনার এই সংস্থাটি নিয়ম করে রাখি তৈরির প্রশিক্ষণও দেয়। এবার রাজ্য সরকারের সংস্কৃতি দিবস পালনে বিপুল পরিমাণ রাখির বরাত মেলায় খুশি কারিগররা। সংস্থার সম্পাদক তপন মোদক রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বরাতের শর্তই ছিল পরিবেশবান্ধব রাখি বানানো। তাই পাটের সুতো দিয়ে তৈরি বেণী, পাটের বিভিন্ন উপকরণ, কাগজ দিয়ে রাখি তৈরি করে পাঠানো হয়েছে।’ আরও জানান, ‘৬টি বিভিন্ন ধরনের রাখির নমুনা পাঠিয়েছিলাম। সেগুলির মধ্য থেকে একটি বেছে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর বাছাই করা রাখিই তৈরি করা হয়েছে।’ রাখি তৈরির কাজ করেছেন কালনা মহকুমা-সহ পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি মুর্শিদাবাদ, হুগলী, বীরভূমের জেলার মহিলারা। সংখ্যাটা সব মিলিয়ে হাজারের কাছাকাছি। নীল-সাদা রঙের রাখির উপরে বৃত্তাকারে লেখা থাকছে পশ্চিমবঙ্গ সরকার। মাঝে থাকছে ‘ব’ অক্ষর। বাঁধার জন্য ব্যবহার করা হয়েছে নরম পাটের নকশা করা তন্তু। রাখি শিল্পী মৌসুমী সরকার, তনুশ্রী মজুমদাররা বলছিলেন, ‘যে রাখি তৈরি হয়েছে, তা মানুষের নজর কাড়বে বলে আমাদের বিশ্বাস।’ ৯ আগস্ট রাখিবন্ধন উৎসব। সপ্তাহখানেক আগেই সমস্ত রাখি বিশ্ব বাংলার দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!