Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২, ২০২৬

পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ্যভাতা মেটাতে নবান্নের বড়ো ঘোষণা, ৬ মাসের মধ্যেই মিলবে টাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ্যভাতা মেটাতে নবান্নের বড়ো ঘোষণা, ৬ মাসের মধ্যেই মিলবে টাকা

রাজ্য সরকারি পেনশনভোগীদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বকেয়া মহার্ঘভাতা (ডিএ) নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল নবান্ন। নতুন অর্থবর্ষের শুরুতেই এই বিষয়ে বৈঠকের পর বৃহস্পতিবার সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং এরিয়ার ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০১৫ সালের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের বকেয়া ডিএ হিসাব করে প্রদান করা হবে। একইসঙ্গে পারিবারিক পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। যেসব সরকারি কর্মচারী প্রয়াত হয়েছেন, তাঁদের ক্ষেত্রে নমিনি সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—এই বকেয়া অর্থ প্রদান করা হবে ১৮০ দিনের মধ্যে, অর্থাৎ প্রায় ছ’মাসের মধ্যেই পেনশনভোগীরা তাঁদের প্রাপ্য টাকা হাতে পাবেন।

উল্লেখযোগ্যভাবে, এর আগেই গত ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকার ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের বকেয়া ডিএ সরকারি কর্মচারীদের একাংশকে মিটিয়ে দিয়েছে। এরপর সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর প্রদানের বিষয়টি নিয়ে অর্থদফতর বৈঠক করে।

ওই বৈঠকে বিভিন্ন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, কতজন কর্মী ও পেনশনভোগী ডিএ ও ডিআর পাওয়ার যোগ্য এবং তাঁদের প্রতি মাসে কত টাকা দেওয়া হয়েছে—তার বিস্তারিত তথ্য দ্রুত জমা দিতে। বৈঠকে উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, গ্রন্থাগার পরিষেবা, পুর ও নগরোন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক, পরিবহণ এবং পঞ্চায়েত দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

অর্থদফতরের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের আর্থিক উপদেষ্টা ও হিসাব শাখার কর্মকর্তারাও যোগ দেন। দপ্তরগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ট্রেজারি বা ব্যাঙ্কের মাধ্যমে সরাসরি পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। একইভাবে এরিয়ারের অর্থও ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে।

সব মিলিয়ে, দীর্ঘ জটিলতার পর অবশেষে পেনশনভোগীদের বকেয়া ডিএ পাওয়ার পথ এখন অনেকটাই পরিষ্কার।পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে নবান্নের বড় ঘোষণা, ৬ মাসের মধ্যেই মিলবে টাকা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!