Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৩, ২০২৫

আগামী সপ্তাহেই শুরু রাজ্য জয়েন্টের কাউন্সেলিং প্রক্রিয়া, প্রথম সিট বরাদ্দ তালিকা প্রকাশ ৩ সেপ্টেম্বর

আরম্ভ ওয়েব ডেস্ক
আগামী সপ্তাহেই শুরু রাজ্য জয়েন্টের কাউন্সেলিং প্রক্রিয়া, প্রথম সিট বরাদ্দ তালিকা প্রকাশ ৩ সেপ্টেম্বর

অপেক্ষার অবসান। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের পর এবার প্রকাশ্যে এল ভর্তির সময়সূচি। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড শুক্রবার জানিয়েছে, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে চলেছে ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম দফার কাউন্সেলিং প্রক্রিয়া।

রাজ্য জয়েন্ট বোর্ড জানিয়েছে, ২৭ আগস্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে আসন সংক্রান্ত ‘সিট ম্যাট্রিক্স’। পরদিন অর্থাৎ ২৮ আগস্ট থেকে শুরু হবে রেজিস্ট্রেশন, কাউন্সেলিং ফি জমা এবং কলেজ ও কোর্স পছন্দ করার কাজ। এই প্রক্রিয়া চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। সেদিনই পছন্দ তালিকা চূড়ান্ত অর্থাৎ ‘চয়েস লক’ করতে হবে প্রার্থীদের। এরপর ৩ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম দফার আসন বরাদ্দের ফলাফল। ওইদিন থেকেই শুরু হবে সিট বরাদ্দ করার ফি জমা দেওয়ার কাজ এবং সেইসঙ্গে নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া। যাঁরা প্রথম দফায় আসন পাবেন, তাঁদের ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশিত হবে ৯ সেপ্টেম্বর। নতুনভাবে আসনপ্রাপ্ত প্রার্থীরা ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন সিট অ্যাকসেপ্ট করার ফি জমা দেওয়ার জন্য। এই সময়ের মধ্যেই চলবে নথি যাচাই এবং ইচ্ছে থাকলে ওই সময়েই আবেদন প্রত্যাহারের সুযোগও থাকবে বলে জানিয়েছে বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, সময়সূচি ও কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় নির্দেশাবলী নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই প্রার্থীদের প্রতি বোর্ডের পরামর্শ, সময়মতো ওয়েবসাইটে চোখ রাখার এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার।

এ বছর রাজ্যের ১০টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৫৮টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার কলেজ, ১টি কেন্দ্রীয় সরকার পোষিত সেলফ-ফিনান্সিং কলেজ, ১টি সরকার পোষিত ফার্মাসি ইনস্টিটিউট এবং ২৪টি সেলফ-ফিনান্সিং ফার্মাসি কলেজ মিলিয়ে মোট ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে জয়েন্ট কাউন্সেলিংয়ের মাধ্যমে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আইনি জটিলতায় ফলপ্রকাশে কিছুটা বিলম্ব ঘটলেও, কাউন্সেলিং প্রক্রিয়া যথাসময়ে শেষ করার লক্ষ্যেই দ্রুত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ফলপ্রকাশের ১৫ দিনের মধ্যেই পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করতে বদ্ধপরিকর জয়েন্ট বোর্ড।

উল্লেখ্য, এবারের জয়েন্ট পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। তবে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার কারণে কলকাতা হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে মামলা চলতে থাকায় ফলপ্রকাশে বেশ খানিকটা বিলম্ব ঘটে। অকূল পাথারে পড়েন পড়ুয়ারা। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, জয়েন্টের ফলপ্রকাশে আর কোনও বাধা নেই। সে নির্দেশ আসার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করে দেয় বোর্ড। চলতি বছরের জয়েন্টে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লক্ষের বেশি। তীব্র প্রতিযোগিতার মধ্যে মেধা তালিকায় প্রথম হয়েছেন ডন বস্কো স্কুলের ছাত্র অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় স্থানে রয়েছেন, কল্যাণীর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় হয়েছেন দিশান্ত বসু, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!