Advertisement
  • দে । শ
  • জুলাই ১৬, ২০২৬

একবছরে রাজ্যে কমেছে সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের সংখ্যা, ‘পিএম শ্রী’ প্রকল্পে রাজ্য স্কুল শিক্ষা পরিকাঠামোয় ভোলবদলের প্রয়াস

আরম্ভ ওয়েব ডেস্ক
একবছরে রাজ্যে কমেছে সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের সংখ্যা, ‘পিএম শ্রী’ প্রকল্পে রাজ্য স্কুল শিক্ষা পরিকাঠামোয় ভোলবদলের প্রয়াস

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে । ‘পিএম শ্রী’ প্রকল্পের আওতায় প্রতিটি নির্বাচিত স্কুলকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই রাজ্যের ২৩টি জেলায় এই প্রকল্পের জন্য স্কুল চিহ্নিত করার কাজ শুরু হয়েছে ।

প্রাথমিকভাবে রাজ্যজুড়ে মোট ১২ হাজার ৩০০টি স্কুলকে ‘পিএম শ্রী’ প্রকল্পের আওতায় আনার জন্য চিহ্নিত করা হয়েছে । এর মাধ্যমে বিদ্যালয় গুলির পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্লাসরুম তৈরি, ল্যাবরেটরি বা পরীক্ষাগারের আধুনিকীকরণ এবং পড়াশোনার পরিবেশ উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে । লক্ষ্য রাজ্যের স্কুল শিক্ষাকে আরও উন্নত ও বিশ্বমানের করে তোলা ।

জেলাভিত্তিক তালিকা অনুযায়ী, ‘পিএম শ্রী’ প্রকল্পে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে । জেলার ১ হাজার ৬৬১টি স্কুলকে প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে ১ হাজার ৩৮২টি স্কুল চিহ্নিত হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ জেলার ১ হাজার ৭৫টি স্কুল এই প্রকল্পের আওতায় আনার জন্য বেছে নেওয়া হয়েছে ।

শুধু সাধারণ সরকারি স্কুল নয়, রাজ্যের বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকেও এই উন্নয়ন প্রকল্পের আওতায় রাখা হয়েছে । স্কুলের ভবন, শ্রেণিকক্ষ, শিক্ষার সরঞ্জাম এবং প্রযুক্তিনির্ভর পরিকাঠামো ঢেলে সাজানোর মাধ্যমে পড়ুয়াদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য ।

সাম্প্রতিক সময়ে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে । তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যে পড়ুয়াযুক্ত সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯৩ হাজার ৭১৫টি । ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৯২ হাজার ৮০০-তে । অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ৯১৫টি সরকারি স্কুলের সংখ্যা কমেছে ।

এই পরিস্থিতিতে সরকারি স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে ‘পিএম শ্রী’ প্রকল্পকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচিত স্কুলগুলিকে আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ করে শিক্ষার পরিবেশে পরিবর্তন আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!