- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১১, ২০২৫
দিল্লি বিস্ফোরণের জেরে সীমান্তে বাড়লো নজরদারি। গাড়ি দাঁড় করিয়ে সর্বত্র নাকা চেকিং
দিল্লি বিস্ফোরণের জেরে বসিরহাট সীমান্তে কড়া নজরদারি। গাড়ি দাঁড় করিয়ে সর্বত্র নাকা চেকিং জেলা পুলিশের। সীমান্তবর্তী এলাকার ওপর বিশেষ নজরদারি শুরু করেছে বিএসএফও। বেড়েছে বিএসএফের টহলদারি। নড়েচড়ে বসেছে পুলিশও। ভারত বাংলাদেশ সীমান্ত অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বসিরহাট বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং। বসিরহাট পুলিশ জেলার সব থানা এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে।
ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, হেমনগর কোস্টাল, বাদুড়িয়া, স্বরূপনগর থানা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। সন্দেশখালি, ন্যাজাট, হাড়োয়া, মিনাখাঁ, মাটিয়া থানার গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং চলছে সকাল থেকেই। বাসন্তী–কলকাতা রোড, টাকি রোড, হাড়োয়া থেকে নিউটাউন যাবার রাস্তাতে গার্ড রেল লাগিয়ে পুলিশ গাড়িগুলিকে পরীক্ষা করছে। এই রাস্তা গুলিকে এবং বসিরহাট সীমান্তকে যাতে অপরাধীরা করিডোর হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকে নজর রাখছে পুলিশ। এদিন বসিরহাট শহরে ইছামতী ব্রিজ, হাসনাবাদে বনবিবি সেতু, হিঙ্গলগঞ্জে গৌড়েশ্বর নদীর ওপর সেতু, চৈতল–মালঞ্চ সেতু, হাড়োয়া বিদ্যাধরী সেতু, স্বরূপনগরের তেঁতুলিয়া ব্রিজের ওপর জেলা পুলিশের পদস্থ আধিকারিকের উপস্থিতিতে নাকা চেকিং চলেছে দিনভর। বসিরহাটের জেলা পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদি রহমান বলেন, ‘সারা বছরই পুলিশ জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশি নজরদারি থাকেই। এখন জরুরী পরিস্থিতিতে সব থানা এলকাতেই নাকা চেকিং চলছে। সবরকম গাড়ি শহরে ঢোকা , বেরনোর সময় তল্লাশি করে দেখা হচ্ছে।’
❤ Support Us







