- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৯, ২০২৬
উচ্চ মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় সিলেবাস-বহির্ভূত প্রশ্ন ঘিরে বিতর্ক, কী বলল সংসদ ?
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের অঙ্ক পরীক্ষাকে ঘিরে প্রবল বিতর্ক। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্রে অন্তত ৩টি প্রশ্ন পাঠ্যক্রমের বাইরে থেকে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক মহলও সরব হয়েছেন। তাঁরা জানাচ্ছেন, পরীক্ষায় জিজ্ঞেস করা, অবকল সমীকরণ (ডিফারেনশিয়াল ইকুয়েশন) অংশের ৫(এ) নম্বর প্রশ্নটি বর্তমান সিলেবাসে নেই। বাজারে প্রচলিত রেফারেন্স বইতেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, এটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। এছাড়া ১১(বি) এবং ১১(সি) নম্বরের দুটি প্রশ্নও সিলেবাসের বাইরে।’ শিক্ষক মহলের দাবি, এই ৩টি প্রশ্নের মোট পূর্ণমান ১০ নম্বর, যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করেছে।
‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘নতুন পরিকাঠামোয় ছাত্রছাত্রীরা এবারে পর্যাপ্ত পড়াশোনা করতে পারেননি। সেই সঙ্গে সিলেবাস বহির্ভূত প্রশ্ন দেওয়ায় নির্ধারিত সময়ে সমাধান করা প্রায় অসম্ভব। তাই পরীক্ষার্থীদের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’ বিক্ষোভের মাঝে তড়িঘড়ি মাঠে নেমেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর ৩টি প্রশ্ন—‘২বি’, ‘১১বি’ ও ‘১১সি’— সিলেবাস বহির্ভূত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৩টির নম্বর যথাক্রমে ২, ৪ ও ৪। যেসব পরীক্ষার্থী এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, তাদের পূর্ণ নম্বর দেওয়া হবে। কাউকে নম্বরের দিক থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না।’
সংসদ আরও জানিয়েছে, শিক্ষার্থীদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে। এমন পরিস্থিতি পুনরায় যাতে না ঘটে, সেজন্য মূল্যায়ন প্রক্রিয়ার প্রতি কড়া নজরদারি করা হবে। এদিকে, পরীক্ষার্থীরা আরও কয়েকটি প্রশ্নকে তুলনামূলক কঠিন ও সময়সাপেক্ষ বলে মন্তব্য করেছেন। শিক্ষকেরাও মনে করছেন, প্রশ্নপত্র তৈরি করার সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল। পলাশী জুনিয়র হাইস্কুলের গণিত শিক্ষক সৌরভ নায়েক বলেন, ‘প্রশ্নপত্রে এই ধরনের ভুল হলে শুধু অঙ্ক পরীক্ষা নয়, অন্যান্য পরীক্ষাতেও ছাত্রছাত্রীদের মানসিক চাপ বাড়ে।’
উল্লেখ্য, এবারের চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় রাজ্যজুড়ে ৫,০৮,৪১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ১৬ ফেব্রুয়ারি, সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১:১৫ নাগাদ শেষ হয়েছে অঙ্ক পরীক্ষা। সংসদের নির্দেশে সকল পরীক্ষার্থী সকাল ৯টা থেকে কেন্দ্র প্রবেশের অনুমতি পেয়েছিলেন।
❤ Support Us






