- দে । শ
- এপ্রিল ২৫, ২০২৪
নির্বাচনী প্রচার সরিয়ে রেখে প্রতিষ্ঠা দিবসে কেন্দ্র রাজ্য বিরোধী আন্দোলনের ডাক এসইউসির
ভোটের প্রচার স্থগিত রেখে দলের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করল এসইউসিআই (সি)। বসিরহাট মায়ের বাজারে সামনে বসিরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে এক অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের উপস্থিত ছিলেন এসইউসির রাজ্য কমিটির সদস্য রূপম চৌধুরি, বসিরহাট লোকসভা কেন্দ্রে এসইউসির প্রার্থী দাউদ গাজি, সাংগঠনিক জেলা সম্পাদক অজয় বাইন প্রমুখ। দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতারা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের জন্য দলের প্রতিষ্ঠা দিবসে এবার কেন্দ্রীয় সমাবেশ করেনি এসইউসি। শক্তি অনুযায়ি জেলায় জেলায় ছোট সমাবেশ করে দিনটি পালন করল। প্রতিষ্ঠা দিবসে এসইউসির স্পষ্ট বক্তব্য নির্বাচনের মাধ্যমে কোন পরিবর্তন আসবে না। চাই শক্তিশালী গণআন্দোলন। এসইউসির দাবি, নজিরবিহীন দর্নীতির আবহে এবারে লোকসভা নির্বাচন হচ্ছে। কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল নেতারা সীমাহীন দুর্নীতিতে ডুবে আছেন। তাঁরা অভিযোগ তোলেন বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের ২ চালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই ‘ইঞ্জিন’–র পেছনের কামরায় বসে আছে আম্বানি, আদানি, জিন্দালরা। এই শিল্পপাতিদের মুনাফার তুঙ্গে পৌঁছে দিচ্ছন ইঞ্জিনের ২ চালক মোদি–শাহ। ইঞ্জিনের চাকায় পিষ্ট হচ্ছে দেশের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া সাধারণ মানুষ। রাজ্যের শাসক দল তৃণমূলের সমালোচনা করে এদিন সমাবেশের বক্তারা বলেন, বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের নিদারুণ অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে মানুষ তৃণমূলকে রাজ্যে নিয়ে আসে। ‘পরিবর্তন’–এর তৃণমূল এরাজ্যে তাদের দলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। তৃণমূল বিজেপিকে বাংলায় জায়গা করে দিয়েছে। ‘ইলেক্টোরাল বন্ড’ –র মত আর্থিক কেলেঙ্কারি প্রমাণ করে দিল এই দলগুলির টিকি কার হাতে বাঁধা। দেশবাসীকে এর খেসারত দিতে হচ্ছে। এসইউসি ১৯ টি রাজ্য ও ৩ টি কেন্দ্র শাসিত অঞ্চলে ১৫১ টি লোকসভা আসনে লড়ছে। দেশে বামপন্থী দল গুলির মধ্যে সবচেয়ে বেশি আসনে লড়ছে এসইউসিআই।
❤ Support Us





