Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৪, ২০২৪

সন্দেশখালি জর্জরিত বসিরহাট কেন্দ্রে তৃণমূলের হাজি নুরুলের এবারের কান্ডারী সুজিত বসু

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালি জর্জরিত বসিরহাট কেন্দ্রে তৃণমূলের হাজি নুরুলের এবারের কান্ডারী সুজিত বসু

হাড়োয়া, ৩ এপ্রিল—বসিরহাট লোকসভা কেন্দ্রে দলীয় ভাবে দায়িত্ব পেয়েছেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বসু। এবারে বসিরহাটকে রাজনৈতিক মহল ‘‌টাফ সিট’‌ মনে করছে। সাম্প্রতিক সন্দেশখালির ঘটনায় তৃণমূল বসিরহাটে কেন্দ্রে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। সেই জায়গা থেকে বসিরহাটে দলকে লড়াইয়ের ময়দানে নামানো অনেকটাই চ্যালেনঞ্জ সুজিত বসুর কাছে। তবে বসিরহাট সুজিতের কাছে নতুন জায়গা নয় । ২০০৪ সালে লোকসভায় তৃণমূলের প্রার্থী ছিলেন সুজিত। সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ট সুজিত সে সময় তৃণমূলে নবাগতদের তালিকায়। সেবার  তিনি সিপিআইয়ের অজয় চক্রবর্তীর কাছে পরাজিত হলেও সুজিতের হাত ধরে তৃণমূলের সংগঠনের বিস্তার লাভ করেছিল বসিরহাটে ৭ টি বিধানসভা ক্ষেত্রে। সেই সুজিতের ওপর এবারে এই কেন্দ্রে  তৃণমূলের ‘‌ক্রাইসিস ম্যানেজমেন্ট’‌–‌র ভার। সন্দেশখালির ঘটনার পর তাই সুজিতকে দেখা গেছে পার্থ ভৌমিককে সঙ্গে নিয়ে সন্দেশখালি চষে ফেলতে। পার্থ ভৌমিক ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হওয়ার ফলে সুজিত বসুকেই বসিরহাটের নির্বাচনের দলের নেতা কর্মীদের পরিচালনা করতে হবে। ইতিমধ্যে সুজিত সব বিধানসভা ধরে বৈঠক করছে। আজ হাড়োয়ায়  সুজিত বলেন, ‘‌সন্দেশখালি নিয়ে যে মিথ্যাচার চলেছে তার জবাব দিতে হবে লোকসভা ভোটে। বসিরহাটের তৃণমূল নেতা কর্মীদের কাঁধে দায়িত্ব তাই এবার অনেক বেশি। বাংলার জনগণের গর্জন দিল্লি ইস্তক পৌঁছে দেওয়ার এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’‌ উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তরের দলীয় নেতা কর্মীদের নিয়ে আলোচনায় একথা বলেন সুজিত । আজ, বুধবার, হাড়োয়ার স্বস্তি ভিলেজে কর্মী সভায় উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী  সুজিত বসু, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল  প্রার্থী হাজি নুরুল ইসলাম, চেয়ারম্যান  সরোজ ব্যানার্জি,  বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট লোকসভা কোর কমিটির সদস্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লা রনি, হাসনাবাদের ব্লক তৃণমূল নেতা এসকেন্দার গাজি প্রমুখ। সভায় দলের প্রার্থী হাজি নুরুল ইসলাম বলেন, ‘‌অনেক মিথ্যা, কুৎসা ছড়ানো হয়েছে সন্দেশখালি নিয়ে। সেখানে এখন মায়েরা ভুল বুঝে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দেশখালিতে প্রচারে গিয়ে অভাবনীয় অভ্যর্থনা পেয়েছি।’‌ তিনি বলেন, ‘‌মানুষ আমাদের সঙ্গে আছেন। প্রচারে মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরতে হবে। নেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে যে আওয়াজ তুলেছেন তাকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে।’‌ মন্ত্রী সুজিত বসু বলেন, ‘‌কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার গঠনে মমতা ব্যানার্জি বড় ভূমিকা নেবেন। তাই সেটা বুঝে ভোটের আগে দেখবেন আতংকিত বিজেপি এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের হেনস্তা করবে। যাতে তৃণমূল ভোটের ময়দানে বিপাকে পড়ে।’‌ তিনি বলেন, ওসব করে কিছু হবে না। ‌বসিরহাটে এবার অনেক বেশি ব্যবধানে আমরা জিতব। অন্যায় করলে সে যত বড় নেতাই হোক কাউকে মমতা ব্যানার্জি রেয়াত করেনা’‌।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!