- এই মুহূর্তে দে । শ
- জুন ৩০, ২০২৫
পদ্ম শিবিরের রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে সুকান্ত। তালিকায় শমীক, অগ্নিমিত্রা, জ্যোতির্ময়
আগামী ২ জুলাই রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা পড়বে। ৩ জুলাই ঘোষণা হবে পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতির নাম। তবে আবারও যে সুকান্ত মজুমদারই বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হতে চলেছেন তাতে কোনও সন্দেহ নেই। রাজ্য বিজেপির অন্দরে সভাপতি নির্বাচন নিয়ে যে আলোচনা তাতে সুকান্ত মজুমদারের পুনরায় বিজেপির রাজ্য সভাপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা।
২০২৬ এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলের কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন না রাজ্য সভাপতি পদে নতুন কাউকে এনে দলের এই মুহূর্তের স্থিতাবস্থাটা নষ্ট করতে। এমনিতেই দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের দু’টো আলাদা গোষ্ঠী রাজ্য বিজেপিতে সক্রিয় হয়ে উঠেছে। তার ওপর আছেন তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীর গোষ্ঠীর দাপট। তবে সুকান্তর সঙ্গে শুভেন্দুর সম্পর্ক খুব ভালো না হলেও মন্দ বলা যায় না। সভাপতির নাম হিসাবে শুভেন্দুর পছন্দের তালিকায় রাজ্য মহিলা বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পালের নাম শোনা যাচ্ছে। রাজ্য সভাপতির এই অসম লড়াইয়ের তৃতীয় স্থানে রয়েছেন রাজ্যসভার সাংসদ ও সুবক্তা শমীক ভট্টাচার্য। চতুর্থ স্থানে সভাপতি হিসাবে শোনা যাচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতোর নাম। তবে অমিত শাহ, জে পি নাড্ডা, পবন বনশল চান না এই মুহূর্তে রাজ্য সভাপতি হওয়া নিয়ে দলের অন্দরের কোনও ভাবে কোনও কোন্দল আরও বাড়ুক। তাই তাঁরা চাইছেন সুকান্তকেই আবারও বিজেপির রাজ্য সভাপতি পদে ফিরিয়ে আনতে এবং এটা এখন সময়ের অপেক্ষা।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল আশানুরূপ হয়নি। দলকে তার পর থেকেই সংগঠন মজবুত করতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বার্তা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপি নেতৃত্বকে দিয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনকে আগামীর প্রধান লড়াই হিসাবে তুলে ধরতে সুকান্তকেই সেই ভোট যুদ্ধের সেনাপতি করতে এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন বলে রাজ্য বিজেপির অন্দরে জোর আলোচনা চলছে। এই মুহূর্তে দিলীপ ঘোষের ওপর কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা নেই। বরং সুকান্ত-শুভেন্দুকে সামনে রেখেই ২০২৬ এর ভোট যুদ্ধে সফল হতে চাইছেন অমিত শাহরা।
সুনীল বনশল শনিবার রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন ও সংগঠন নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এই বৈঠকের পর বিজেপির অন্দরে রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারের নামটাই বেশি শোনা যাচ্ছে। মাঝে আর দু’টো দিন। তার পর ৩ জুলাই-ই স্পষ্ট হয়ে যাবে সুকান্ত না শমীক কে হচ্ছেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি।
❤ Support Us






