Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৭, ২০২৪

সমঝোতার মাধ্যমে যৌন হয়রানির মামলা বাতিল করা যাবে না, রায় সুপ্রিম কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
সমঝোতার মাধ্যমে যৌন হয়রানির মামলা বাতিল করা যাবে না, রায় সুপ্রিম কোর্টের

সমঝোতার মাধ্যমে যৌন হয়রানির মামলা বাতিল করা যাবে না। অর্থাৎ অভিযোগকারী ও অভিযুক্তরা সমঝোতায় পৌঁছলেও মামলা চলবে। এমনই যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। রাজস্থান হাইকোর্টের ২০২২ সালের এক মামলার রায় ঘোষণা করতে গিয়ে এমনই জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

২০২২ সালে রাজস্থানের গঙ্গাপুর শহরের একটা যৌন হয়রানির ঘটনা ঘটে। এক নাবালিকা দলিত ছাত্রী পুলিশে অভিযোগ করে সরকারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এসেছিল। ওই শিক্ষকের বিরুদ্ধে পসকো আইন এবং তপশিলী জাতি/‌উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে মামলা হয়। নাবালিকার বয়ানও রেকর্ড করা হয়। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা শুরু হয়।

ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষক সুবিমল কুমার গুপ্ত ছাত্রীর পরিবারের কাছ থেকে স্ট্যাম্প পেপারে একটা বয়ান লিখিয়ে নেন। সেই বয়ানে লিখিয়ে নেওয়া হয়েছিল, একটা ভুল বোঝাবুঝির জন্য নাবালিকার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছিল। শিক্ষকের বিরুদ্ধে তারা কোনও ব্যবস্থা নিতে চায় না। পুলিশও ওই লিখিত বয়ানের বিষয়টি স্বীকার করে আদালতে রিপোর্ট জমা দেয়। কিন্তু নিম্ন আদালত এই বক্তব্য প্রত্যাখ্যান করে। অভিযুক্ত শিক্ষক তখন উচ্চ আদালতের দ্বারস্থ হন। রাজস্থান হাইকোর্ট তখন নাবালিকার পরিবারের লিখিত বয়ান গ্রহণ করে এবং এফআইআর বাতিলের নির্দেশ দেয়।

এরপর রাজস্থান হাইকোর্টের দেওয়া ২০২২ সালের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে রামজি লাল বৈরওয়া নামে এক সমাজকর্মী সুপ্রিম কোর্টে আবেদন করেন। বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ অভিযুক্ত শিক্ষকের বিচারের জন্য রাজস্থান হাইকোর্টের রায়কে বাতিল করে দিয়েছে। পাশাপাশি জানিয়ে দিয়েছে, সমঝোতার মাধ্যমে যৌন হয়রানির মামলা বাতিল করা যাবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!