- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ২২, ২০২৫
অসম রাইফেলসের সঙ্গে ভয়াবহ বন্দুক যুদ্ধে উলফা (আই)–এর এক জঙ্গি নিহত
অরুণাচল প্রদেশের নামসাইতে বুধবার অসম রাইফেলসের জওয়ানদের সঙ্গে ভয়াবহ বন্দুকের লড়াইয়ে নিষিদ্ধ সংগঠন উলফা (ইন্ডিপেন্ডেন্ট)–এর এক জঙ্গি নিহত হয়েছে। নামসাই থানার অধীনে ৬ মাইল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপন সূত্রে অসম রাইফেলস ৬ মাইল লেকাং খাম্পটি এলাকায় ৬–৭ জনের উলফা জঙ্গির উপস্থিতি সম্পর্কে জানতে পারে। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই অসম রাইফেলস অভিযান শুরু করে। অসম রাইফেলসের জওয়ানরা ঘটনাস্থলের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গে উলফা জঙ্গিরা তাদের ওপর গুলি চালায়। জবাবে জওয়ানরাও ম রাইফেলস পাল্টা গুলি চালায়। গুলির লড়াইয়ে একজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয় এবং বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সংঘর্ষস্থল থেকে একটা হংকং সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল, একটা গ্রেনেড এবং তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অসম রাইফেলসের বাহিনী হেলিকপ্টার, ড্রোন এবং ট্র্যাকার কুকুর ব্যবহার করে বাকি জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে। সম্প্রতি গত সপ্তাহে পূর্ব আসামের তিনসুকিয়া জেলার কাকোপাথারে এক সেনা শিবিরে হামলা চালিয়েছিল উলফা (আই) জঙ্গিরা। সূত্র মারফত জানা গেছে, সন্দেহভাজন উলফা (আই) জঙ্গিদের এই দলটি সেই হামলাকারী দলের সদস্য।
গত শুক্রবার মধ্যরাতে কাকোপাথারে সেনা শিবিরে হামলায় তিন জওয়ান আহত হন। চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে জঙ্গিরা পালিয়ে যায়। কর্তব্যরত সেনারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। আশেপাশের বাড়িগুলির ক্ষতি এড়াতে সেনারা সতর্ক ছিলেন। সেনার পাল্টা আক্রমণে জঙ্গিরা পালিয়ে যায়। তাদের খুঁজে বার করার জন্য সেই থেকেই তল্লাশি অভিযান চলছিল।
❤ Support Us





