- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- মে ৮, ২০২৬
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শনিবার শপথ ব্রিগেডে
বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডের মাঠে সকালে শপথগ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির মিটিংয়ে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। ওই মিটিংয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। শনিবার শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার আগে শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মন্ত্রিসভা গঠনের দাবি জানিয়ে আসবেন।
অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছে। তিনি জানান, যাঁরা প্রস্তাব দিয়েছেন, তাঁরা সকলেই শুভেন্দু অধিকারীর নাম বলেছিলেন। দ্বিতীয় আর কোনও নাম উঠে আসেনি।
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন শুরু কংগ্রেস রাজনীতি থেকে। তারপর তিনি রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শুভেন্দু গুরুত্বপূর্ণ দফতর সামলান। ২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এরপর ২০২৬ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে এক সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র আজ বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর আসনে বসলেন।
অমিত শাহ বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নরেন্দ্র মোদিকে আশীর্বাদ করার ফলে বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হয়েছে। বাংলার মানুষের ইচ্ছের মর্যাদা দিয়ে নতুন সরকার কাজ করবে। আমাদের সবার দায়িত্ব আরও বেড়ে গেল। বিনয়ের সঙ্গে পরিশ্রমই আমাদের সাফল্যের কারণ, সেই কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। লক্ষ্য উন্নয়ন। আমাদের বিজয়ী করার জন্য বাংলার কোটি কোটি মানুষকে ধন্যবাদ। বাম আমলের থেকেও খারাপ পরিবেশ তৈরী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলায় ৩২১ জন বিজেপি কর্মীর পড়ার গেছে। বাংলা ও কেরল ছাড়া এতো হিংসা কোথাও দেখিনি। বিজেপি বাংলার মানুষের আশা ও বিশ্বাসের পূর্ণ মর্যাদা দেবে। ২০১৪ সাল থেকে আমাদের অভূতপূর্ব জয়যাত্রা শুরু হয়েছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এবার থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অনেক দুর্নীতি হয়েছে বাংলায়ও, আর নয়।”
কাল ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ। ব্রিগেডে বিজেপি সরকারের শপথ, থাকবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও তালিকায় বহু বিশিষ্ট । ‘তৃণমূল-সন্ত্রাসে খুন’ হওয়া ‘শহিদ’ পরিবারের সদস্যদের আমন্ত্রণ। শপথগ্রহণে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। মহাকরণে না যাওয়া পর্যন্ত বিধানসভার এনেক্স বিল্ডিং থেকে সরকার পরিচালিত হবে।
❤ Support Us






