- এই মুহূর্তে দে । শ
- মে ১৯, ২০২৬
প্রচারের শেষ দিনে ফলতায় শুভেন্দু অধিকারীর রোড শো
ফলতা বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে ফের সেখানে পৌঁছলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালেই তিনি দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে ফলতায় রোড শো শুরু করেন। তার আগে বনেশ্বর এলাকার একটি শিবমন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
মঙ্গলবারই ছিল ফলতা উপনির্বাচনের প্রচারের শেষ দিন। যদিও এই উপনির্বাচনের ফল রাজ্যের সামগ্রিক রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে, তবু বিজেপি যে আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কোনও খামতি রাখতে চাইছে না, শুভেন্দুর টানা প্রচার থেকেই তা স্পষ্ট। কয়েক দিন আগেও তিনি ফলতায় সভা করেছিলেন। এ বার প্রচারের শেষ দিনেও এলাকায় উপস্থিত হয়ে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করেন।
শিবমন্দিরে পুজো দেওয়ার পর বনেশ্বর থেকে ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন শুভেন্দু। তাঁকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় জমায় বহু মানুষ। পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। শুভেন্দুও হাত নেড়ে সকলের শুভেচ্ছা গ্রহণ করেন। জনসমাগম এতটাই বেশি ছিল যে, একাধিকবার রোড শোয়ের গতি কমে যায়।
রোড শো শেষে নিহত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজ করারও কথা রয়েছে শুভেন্দুর। বিজেপির অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক হিংসার সময় স্বপন মণ্ডল খুন হন।
এ বারের ফলতা উপনির্বাচনে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয়পাল শর্মা এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের মধ্যে চাপানউতোরও রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর জেরে ফলতার ভোটকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
গত শনিবার ফলতায় এক জনসভা থেকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু। তিনি বলেছিলেন, “ভোট শেষ হোক, ওর ব্যবস্থা করব। সেই দায়িত্ব আমার।”
উল্লেখ্য, ভোটপর্ব মিটে যাওয়ার পর বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে ফলতা বিধানসভার একাধিক বুথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়নি। পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন কয়েকটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আগামী ২১ মে সেখানে পুনরায় ভোটগ্রহণ হবে এবং ভোটগণনা অনুষ্ঠিত হবে ২৪ মে।
❤ Support Us







