Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১১, ২০২৬

নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রীসভার বৈঠক

আরম্ভ ওয়েব ডেস্ক
নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রীসভার বৈঠক

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার সকালে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের  সল্টলেকের বাড়িতে পৌঁছন। চিনার পার্কের বাসভবন থেকে কনভয় নিয়ে বেরিয়ে তিনি যান সল্টলেকের বিএইচ ব্লকে অবস্থিত শমীকের পৈতৃক বাড়িতে। সেখানে কিছু ক্ষণ বৈঠক করেন দুই নেতা। পরে একই গাড়িতে করে তাঁরা রওনা দেন বিজেপির রাজ্য দফতরের উদ্দেশে।

সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজেপির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শুভেন্দুকে দেখতে সকাল থেকেই শমীকের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকরা। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামতেই তাঁকে পদ্মফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয়।

এরপর বিজেপির রাজ্য কার্যালয়েও শুভেন্দুকে সংবর্ধনা জানানো হয়। শঙ্খধ্বনি ও উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করেন দলীয় নেতা-কর্মীরা। সোমবার দুপুর ১২টায় নবান্নে শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।

শুধু মন্ত্রিসভা বৈঠকই নয়, প্রথম দিনেই একাধিক প্রশাসনিক বৈঠকের সূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, প্রথমে তিনি রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন। এরপর জেলাশাসকদের সঙ্গে বৈঠক এবং পরে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং বিভিন্ন জ়োনের শীর্ষ আধিকারিকেরা।

এছাড়াও সোমবার বিকেল ৪টেয় নবান্নে বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, গত শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু করেছেন শুভেন্দু। শনিবার ধর্মতলায় পূর্ত দফতরের অস্থায়ী কার্যালয়ে তিনি ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!