Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৯, ২০২৫

নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আক্রান্ত অভয়ার মা ! ভর্তি হাসপাতালে, দেখা করলেন শুভেন্দু অধিকারী

আরম্ভ ওয়েব ডেস্ক
নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আক্রান্ত অভয়ার মা ! ভর্তি হাসপাতালে, দেখা করলেন শুভেন্দু অধিকারী

আরজি কর ঘটনার এক বছর, নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নিহত চিকিৎসক অভয়ার বাবা-মা। হাইকোর্টের অনুমতি নিয়েই পথে নামেন তাঁরা। কিন্তু শুরুর পর থেকেই রেড রোড থেকে ফোরশোর রোড, এমনকি রেসকোর্সের ধারে, প্রতিটি পথেই পুলিশের কড়া ব্যারিকেড। কোথাও লোহার বাঁধ, কোথাও বিশাল কন্টেনার ফেলে পথ রুদ্ধ।পুলিশ মিছিল ধুন্ধুমার বেঁধে যায়। পার্কস্ট্রিটে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। আঘাত নেমেছে নির্যাতিতার মা-বাবার উপরেও।

রেসকোর্সের কাছে অবস্থান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভয়ার মা। অভিযোগ, জল চাইলে পুলিশ তা দেয়নি। সঙ্গী আন্দোলনকারীরাই শেষমেশ জল জোগাড় করেন। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার মা অভিযোগ করেন, ‘আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে।’

মাথায় আঘাত, ফুলে ওঠা কপাল, ভাঙা শাঁখা, স্ত্রীর এমন অবস্থা দেখে ক্ষুব্ধ অভয়ার বাবার অভিযোগ, ‘বাড়ি থেকে বেরনোর পর থেকেই আমাদের বারবার আটকানো হয়েছে, এখানে তো রাস্তায় ফেলে মারা হয়েছে।’ তাঁর তীব্র প্রশ্ন, ‘আমাদের তো শান্তিপূর্ণভাবে যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট, তবে এভাবে আটকানো হল কেন?’ বিজেপি নেতারা অভিযোগ তুলেছেন, এটি শুধু মিছিল আটকানোর ঘটনা নয়—অভয়ার বাবা-মাকেও প্রাণনাশের হুমকির অংশ হিসেবে দেখা উচিত।

ডরিনা ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে পৌঁছনোর পর শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং-সহ বিজেপি নেতৃত্বাধীন মিছিল আটকে দেয় পুলিশ। রুট পরিবর্তন করে এগোতে চাইলে শুরু হয় বচসা ও ধস্তাধস্তি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ চালায় পুলিশ, যাতে বিজেপির দাবি অনুযায়ী শতাধিক আন্দোলনকারী আহত হন, কয়েকজন হাসপাতালে ভর্তি। শুভেন্দু অধিকারী জানান, পুলিশ বর্বরভাবে লাঠিচার্জ করেছে। তাতে শুধু, শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন তাই নন নির্যাতিতার বাবা-মা-ও আক্রান্ত। মা হাসপাতালে ভর্তি। এদিকে, পুলিশের তরফেও কয়েকজন কর্মীর আহত হওয়ার খবর মিলেছে। ঘটনার পর পার্ক স্ট্রিটেই ধর্নায় বসে পড়েন শুভেন্দু ও অন্যান্য বিজেপি নেতা। বিরোধী দলনেতা ঘোষণা করেন, অভয়ার বাবা-মার সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন উঠবে না। শুভেন্দুর অভিযোগ, ‘সরকার ভয় পেয়েছে—কারণ অভয়ার বাবা-মায়ের লড়াইয়ের পাশে রয়েছে গোটা রাজ্যের দেশপ্রেমিক জনগণ।’ জানা যাচ্ছে, তিনি নির্যাতিতার মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, মাথায় বেশ জোড়ালো আঘাত পেয়েছেন অভয়ার মা। চিকিৎসা চলছে। রেসকোর্সের কাছে বিক্ষোভ অবস্থানও উঠে গিয়েছে এই মুহূর্তে।

অন্যদিকে, পুলিশের বক্তব্য, নবান্ন অভিযানের জন্য কোনও আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। তবুও যদি বিধি ভেঙে কর্মসূচি হয়, কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ব্যারিকেড ও র‌্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ধুন্ধুমার পরিস্থিতি এড়ানো গেল না। নির্যাতিতার মা-বাবার উপর লাঠিচার্জের ঘটনা অস্বীকার করেছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!