Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৭, ২০২৬

স্বপ্না বর্মনের ইস্তফা বিতর্কে আইনি জটিলতা, সোমবারের মধ্যে রেলকে অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বপ্না বর্মনের ইস্তফা বিতর্কে আইনি জটিলতা, সোমবারের মধ্যে রেলকে অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের

এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট ও রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের ইস্তফা ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। এই সংক্রান্ত মামলায় আগামী সোমবারের মধ্যে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে ভারতীয় রেলকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

উল্লেখ্য, এশিয়াডে সোনা জয়ের পর ২০২০ সালে আলিপুরদুয়ার ডিভিশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর পদে স্বপ্না বর্মনকে চাকরি দেয় রেল। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। কর্মরত অবস্থায় দলের যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে গত ৯ মার্চ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে শোকজ করে রেল কর্তৃপক্ষ। এর মধ্যেই জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। তবে প্রার্থী ঘোষণার আগেই স্বপ্না বর্মন রেলের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর ইস্তফা মঞ্জুর করা হয়নি এবং রেলের পক্ষ থেকে কোনও ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেওয়া হয়নি।

রেলের এই অবস্থানের ফলে স্বপ্নার মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন। গত মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি রেলের কাছে রিপোর্ট তলব করেন। শুক্রবার সেই রিপোর্ট আদালতে পেশ করা হয়। রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি নির্দেশ দেন, স্বপ্না বর্মনের ইস্তফা নিয়ে রেল কী সিদ্ধান্ত নিতে চলেছে, তা আগামী সোমবারের মধ্যে আদালতকে জানাতে হবে। ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার জানান, রেলের পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই রেল তাদের অবস্থান স্পষ্ট করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!