Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২২

প্রকাশ্যে মৃত্যূদণ্ড, সবার সামনে মহিলা অপরাধীদের বেত্রাঘাত আফগানিস্তানে

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রকাশ্যে মৃত্যূদণ্ড, সবার সামনে মহিলা অপরাধীদের বেত্রাঘাত আফগানিস্তানে

আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রকাশ্যে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল তালিবান সরকার। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর এটাই প্রথম প্রকাশ্যে মৃত্যুদণ্ড তালিবানদের। অভিযুক্তর বাবার হাতেই কার্যকর হয়েছে এই মৃত্যুদণ্ড। পাশাপাশি আফগানিস্তানে প্রকাশ্যে মহিলাদের বেত্রাঘাতের ঘটনা ঘটেছে।
হেরাত প্রদেশের বাসিন্দা তাজমির নামে এক ব্যক্তির বিরুদ্ধে পাঁচজনকে হত্যার অভিযোগ ছিল৷ ওই অভিযুক্ত ৫ জনকে হত্যা করে তাদের মোবাইল ফোন ও মূল্যবান বেশ কয়েকটি জিনিস চুরিও করে৷ সব মিলিয়ে পুরো অভিযোগের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে৷ তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি বিবৃতি জারি করে বলেছেন, ‘স্থানীয় প্রশাসনকে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রকাশ্যে, অর্থাৎ জন সমাবেশে এই শাস্তি দিতে বলা হয়েছে৷’ তার পরে একটি আলাদা ট্যুইটে বলা হয়েছে, এই অপরাধীর বাবা একটি কালাশনিকভ থেকে তিনটি গুলি ছুড়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করে৷
যথেষ্ট সতর্কতার সঙ্গে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশের তিনটি সর্বোচ্চ আদালতের রায়ের পর তালিবান প্রধান মোল্লা হাইবাতুল্লা আখুনদাজার অনুমতি নিয়েই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই মৃত্যুদণ্ড উপলক্ষ্যে কাবুল থেকে সরকারের তিনজন উচ্চপদস্থ কর্তা হেরাত প্রদেশে হাজির ছিলেন।
প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের এক দিন পর বৃহস্পতিবার আফগানিস্তানে মহিলাদের বেত্রাঘাতের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরে ২৭ অপরাধীকে বেত্রাঘাত করা হয়েছে, তাঁদের মধ্যে ৯ জন মহিলা। এলাকাটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সমকামিতা, প্রতারণা, ভুয়ো সাক্ষী, জালিয়াতি, মাদক বেচাকেনা, লাম্পট্য, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, হাইওয়েতে ডাকাতি, অবৈধ সম্পর্কের মতো অপরাধের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। অভিযুক্তরা প্রত্যেকে আদালতের সামনে তাদের অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করার জন্য কাউকে জোর  করা হয়নি। শাস্তির বিষয়ে আসামিদের কোনো আপত্তি ছিল না। এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থাকে বলেন, শহরের একটি স্টেডিয়ামে এক হাজারের বেশি মানুষের সামনে ২৭ জনকে বেত্রাঘাত করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!