Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

‘এসআইআর’ শেষে তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ প্রায় ৭৪ লক্ষ নাম; মোট ভোটার ৫.৬৭ কোটি

আরম্ভ ওয়েব ডেস্ক
‘এসআইআর’ শেষে তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ প্রায় ৭৪ লক্ষ নাম; মোট ভোটার ৫.৬৭ কোটি

‘এসআইআর’ পর্ব শেষ। ভোটের মুখে তামিলনাড়ুতে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা। সংশোধনের ঝড় পেরিয়ে রাজ্যে এখন মোট ভোটার ৫ কোটি ৬৭ লক্ষ। এসআইআর শুরুর আগে, গত বছরের ২৭ অক্টোবরের আগের তালিকায় এ সংখ্যা ছিল ৬ কোটি ৪১ লক্ষ। অর্থাৎ সংশোধন প্রক্রিয়ায় প্রায় ৭৪ লক্ষ নাম ছাঁটাই হয়েছে, শতকরা হিসেবে যা প্রায় ১১.৫।

গত ১৯ ডিসেম্বর তামিলনাড়ূর খসড়া তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সে তালিকায় ভোটারের সংখ্যা নেমে এসেছিল ৫ কোটি ৪৩ লক্ষ ৭৬ হাজার ৭৫৬-এ। অর্থাৎ প্রাথমিক পর্যায়েই প্রায় ৯৭ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। ১৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলে দাবি-আপত্তি ও নথি যাচাইয়ের পর্ব। ওই সময়ে ২৭ লক্ষ ৫৩ হাজার নতুন নাম যুক্ত হয়েছে। পাশাপাশি ৪ লক্ষ ২৩ হাজার নাম মুছে ফেলা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত তালিকায় দাঁড়াল ৫.৬৭ কোটির অঙ্ক।

সোমবার চেন্নাইয়ে রাজ্য সচিবালয়ে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক জানান, ‘ম্যাপিং ইস্যু’ সংক্রান্ত নোটিস পাওয়া প্রায় ১৩ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ২ হাজার নাম বাদে বাকি সকলকেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই ভাবে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ হিসেবে চিহ্নিত প্রায় ১.৫৮ কোটি ভোটারের অধিকাংশের নামও বহাল রাখা হয়েছে। তাঁর বক্তব্য, প্রযুক্তিগত অসঙ্গতি বা তথ্যের অমিল মানেই নাম বাদ নয়, যথাযথ যাচাইয়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, চূড়ান্ত তালিকার পরিসংখ্যান বলছে, ৫.৬৭ কোটি ভোটারের মধ্যে ২.৭৭ কোটি পুরুষ, ২.৮৯ কোটি মহিলা। ১৮ থেকে ১৯ বছর বয়সি তরুণ ভোটারের সংখ্যা ১২.৫১ লক্ষ। বিশেষভাবে সক্ষম  ভোটার রয়েছেন ৪.৬৩ লক্ষ। ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ ভোটার ৩.৯৯ লক্ষ। বিধানসভা কেন্দ্রভিত্তিক হিসেবেও রয়েছে বৈচিত্র্য। শোলিঙ্গানাল্লুরে সর্বাধিক ৫.৩৬ লক্ষ ভোটার। বিপরীতে, হারবার কেন্দ্রে ভোটার সংখ্যা সর্বনিম্ন—১.১৬ লক্ষ। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গে সমান্তরাল ভাবেই তামিলনাড়ুতেও ভোট হওয়ার সম্ভাবনা। তার আগে ভোটার তালিকা নিয়ে জোর প্রস্তুতি সেরে রাখল কমিশন। এই চূড়ান্ত তালিকা ধরেই হবে নির্বাচন।

তবে কমিশন স্পষ্ট করেছে, ভোটার তালিকা ‘চূড়ান্ত’ হলেও হালনাগাদের প্রক্রিয়া চলমান। মনোনয়নের শেষ দিন পর্যন্ত ফর্ম ৬ (নতুন নাম তোলা), ফর্ম ৭ (নাম বাদ দেওয়া) ও ফর্ম ৮ (তথ্য সংশোধন) জমা দেওয়া যাবে। দ্বিতীয় দফায় দেশের যে ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ বাদে বাকি সব জায়গায় চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাওয়ার কথা চূড়ান্ত ভোটার তালিকা। ভোটের আগমুহূর্তে তাই নজর এখন সংশোধিত এই অঙ্কের দিকেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!