Advertisement
  • দে । শ
  • মে ৮, ২০২৬

তামিলনাড়ুতে রাজনৈতিক নাটক চরমে, ডিএমকে-এআইএডিএমকে জোটের জল্পনা। ১০৭ বিধায়কের ইস্তফার হুঁশিয়ারি বিজয়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
তামিলনাড়ুতে রাজনৈতিক নাটক চরমে, ডিএমকে-এআইএডিএমকে জোটের জল্পনা। ১০৭ বিধায়কের ইস্তফার হুঁশিয়ারি বিজয়ের

তামিলনাড়ুর রাজনীতিতে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে অভিনেতা-রাজনীতিক বিজয়-র দল টিভিকে (TVK)। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ‘জাদু সংখ্যা’ থেকে এখনও কিছুটা দূরে থাকায় সরকার গঠন ঘিরে জটিলতা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ‘চিরশত্রু’ দুই রাজনৈতিক শক্তি ডিএমকে এবং এআইএডিএমকে-র সম্ভাব্য জোট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিজয় হুঁশিয়ারি দিয়েছেন—এই দুই দল হাত মিলিয়ে সরকার গঠনের পথে এগোলে টিভিকে-র ১০৭ জন বিধায়কই ইস্তফা দিতে পারেন।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সেখানে টিভিকে পেয়েছে ১০৮টি আসন। তবে বিজয় নিজে দু’টি কেন্দ্র থেকে জয়ী হওয়ায় কার্যত দলের বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। পরে টিভিকে-কে সমর্থন জানিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফলে জোটের মোট আসন সংখ্যা এখন ১১৩। তবুও সরকার গঠনের জন্য আরও অন্তত ৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন।

সূত্রের খবর, ইতিমধ্যেই সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র সঙ্গে আলোচনা শুরু করেছে টিভিকে নেতৃত্ব। কিন্তু এখনও পর্যন্ত কোনও দল আনুষ্ঠানিকভাবে সমর্থনের চিঠি দেয়নি। ফলে সরকার গঠনের পথ এখনও অনিশ্চিত।

এদিকে রাজ্যপাল আর ভি আরলেকর এখনও বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আমন্ত্রণ জানাননি বলে অভিযোগ উঠেছে। টিভিকে-র দাবি, একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও সরকার গঠনের সুযোগ না দেওয়া সংবিধানবিরোধী। দ্রুত সিদ্ধান্ত না হলে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।

এই ইস্যুতে টিভিকে-র পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। রাজ্যপালের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিরও সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির। আশ্চর্যের বিষয়, রাজ্যপালের সমালোচনায় সরব হয়েছে ডিএমকে-ও। দলের এক নেতা বলেন, “রাজ্যপাল যা করছেন, তা সংবিধান বিরোধী এবং তামিল অস্মিতার পরিপন্থী।”

তবে রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয়—ক্ষমতা দখলের স্বার্থে কি শেষ পর্যন্ত হাত মেলাবে ডিএমকে ও এআইএডিএমকে? যদি সেই সম্ভাবনা বাস্তব হয়, তাহলে তামিলনাড়ুর রাজনীতিতে তা হবে এক ঐতিহাসিক ও বিস্ময়কর মোড়। আর সেই পরিস্থিতিতে গণইস্তফার পথে হাঁটার ইঙ্গিত দিয়ে ইতিমধ্যেই চাপ বাড়িয়ে রেখেছেন বিজয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!