Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ১১, ২০২৪

সবজির মূল্য নিয়ন্রণে বাজারে অভিযান শুরু টাস্ক ফোর্সের ।পাইকারদের কাছ থেকে কেনা পণ্যের পাকা রসিদ রাখার নির্দেশ ব্যবসায়ীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
সবজির মূল্য নিয়ন্রণে বাজারে অভিযান শুরু টাস্ক ফোর্সের ।পাইকারদের কাছ থেকে কেনা পণ্যের পাকা রসিদ রাখার নির্দেশ ব্যবসায়ীদের

সব্জির দাম নিয়ন্ত্রণে এবার শহর এবং জেলা সদরের বাজারে অভিযান শুরু করলো টাস্ক ফোর্স । খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে গত মঙ্গলবারই কড়া অবস্থান নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । নবান্নের প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেছিলেন, ১০ দিনের মধ্যে সবজি, মাছ, মাংসের দাম নিয়ন্ত্রণে আনতে হবে । বিষয়টি দেরখার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছিলেন ।

বুধবার এবং বৃহস্পতিবার থেকে কলকাতার বিভিন্ন পাইকারী এবং খুচরো বাজারে হানা দিতে শুরু করেছে মূল্য নিয়ন্ত্রণের টাস্ক ফোর্স । বাজারে গিয়ে তারা সবজির দর খতিয়ে দেখছেন, কথা বলছেন ব্যবসায়ীদের সঙ্গে । অতিরিক্ত মুনাফা রুখতে সবজি বিক্রেতাদের সতর্ক করেছেন তারা । রাজ্যের বাজার মূল্য নিয়ন্ত্রক কমিটির প্রধান রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বাধীন এই টাস্ক ফোর্সের তরফে বাজারে গিয়ে বলা হচ্ছে, বাড়তি মুনাফার লোভে বেশি দাম নেওয়ার অভিযোগ উঠলে, বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সঙ্গে কারাবাসের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে ।

সংবাদমাধ্যমে রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, অনাবৃষ্টিতে রাজ্যের বাজারে কিছু কিছু সবজির আকাল রয়েছে ঠিকই, কিন্তু অনেক পণ্যের ক্ষেত্রে পাইকারি আর খুচরো মূল্যের মধ্যে লাভের ফারাক অনেক । সেটা কমাতেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে । তিনি বলেন, শুধু কলকাতাতেই নয়, রাজ্যের অন্যত্রও একইভাবে বাজারে অভিযান চালানো হবে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে । মূল্যবৃদ্ধির কারণ খুঁজতে এবার জেলার মফঃস্বল এলাকার বাজারেও পরিদর্শনে নামল জেলা প্রশাসনের বিশেষ টিম। বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রাম বাজার, ব্যারাকপুর ১ ব্লকের পানপুর বাজার,সল্টলেকের সি এ মার্কেট, বসিরহাট পুরনো বাজার সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন বাজারে তাঁরা অভিযান চালায় জেলা প্রশাসনের বিশেষ টিম।

 

বসিরহাট ২ ব্লকে খোলাপোতা বাজারে পরিদর্শনে সরকারি পরিদর্শক দল

বসিরহাট ২ ব্লকের খোলাপোতা বাজারে গিয়ে আলু, পেঁয়াজ সহ সবজিবাজারে তাঁরা ঘুরে দেখেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পাইকারদের কাছ থেকে কে কী দরে সবজি কিনছেন এবং বাজারের ক্রেতাদের কাছে কী দামে বিক্রি করছেন তা জানতে চান। পরিদর্শক দলে ছিলেন বসিরহাট ২ ব্লকের বিডিও, একজন ম্যাজিস্ট্রেট, কৃষি দপ্তরের আধিকারিকরা। সঙ্গে স্থানীয় থানার পুলিশও ছিল। বসিরহাট পুরনো বাজারেও পরিদর্শক দল অভিযান চালান। সেখানে যারা ব্যবসা করছেন তাদের কাছ থেকে সবজি, আনাজপাতি যে দামে কেনা হয় তার কোন পাকা রসিদ দেখাতে পারেননি ব্যবসায়ীরা। ফলে পাইকারি কত দামে কিনে কত দামে বাজারে বিক্রি করছেন তার সঠিক তথ্য দিতে পারেনি। এমনকী অনেকে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছেন প্রতিদিন অথচ তাদের কাছে পুরসভা বা পঞ্চায়েতের কোন ট্রেড লাইসেন্স নেই বলে জানা গেছে। এব্যাপার সরকারি আধিকারিকরা ব্যবসায়ীদের সতর্ক করে দেন ব্যবসা করতে গেলে পাইকারদের কাছ থেকে কেনা জিনিসের পাকা রসিদ কাছে রাখতে হবে। এবং যেখানে ব্যবসা করছেন সেখানকার সংশ্লিষ্ট দফতর থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। পরে ট্রেড লাইসেন্স বা মাল বেচা কেনার রসিদ দেখাতে না পারলে দোকান সিল করে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!