- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৭, ২০২৬
রাসবিহারীর তৃণমূল প্রার্থীর বাড়ি ও অফিসে আয়কর হানা
রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে এ বার আয়কর হানা। শুক্রবার ভোর থেকে আয়কর দফতরের আধিকারিকেরা তল্লাশি অভিযান শুরু করেন কলকাতার মনোহরপুকুর রোডে তৃণমূল নেতার বাড়িতে। দেবাশীষ কুমার বাড়িতেই রয়েছেন।
শুধু বাড়িতেই নয়, আয়কর তল্লাশি অভিযান চলছে তাঁর নির্বাচনী কার্যালয়ে। দুই জায়গাতেই বর্তমানে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। তৃণমূল প্রার্থীর বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ের বাইরে মোতায়েন রয়েছেন বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
প্রাথমিক ভাবে এখনও স্পষ্ট নয় কী কারণে দেবাশিসের বাড়িতে শুক্রবার আয়কর দফতর হানা দিয়েছে। তবে সম্প্রতি অপর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি একাধিক বার তলব করেছে রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশীষ কুমারকে। জমি দখল সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি।
রাসবিহারী কেন্দ্রে এ বার দেবাশিসের বিপরীতে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে। বিজেপির আশা এই আসনে এ বার তারা ভাল ফল করবে। এরই মধ্যে শুক্রবার ভোরে রাসবিহারীর তৃণমূল প্রার্থীর বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে আয়কর হানা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশও।
মনোহরপুকুর রোডে দেবাশিসের বাড়ির অদূরেই রয়েছে তাঁর নির্বাচনী কার্যালয়। এই দুই জায়গাতেই তল্লাশি চলছে। পাশাপাশি মতিলাল নেহরু রোডে দেবাশিস কুমারের একটি পার্টি অফিসও রয়েছে। সেখানেও হানা দিয়েছেন আয়কর আধিকারিকেরা। এই পার্টি অফিসটি ঘিরেই বিক্ষোভ শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
মতিলাল নেহরু রোডের ওই পার্টি অফিসটির উপরের বোর্ডে দেবাশিস কুমারের নাম লেখা রয়েছে। এটি দেবাশিস কুমারের ওয়ার্ডের মধ্যে হলেও বিধানসভা কেন্দ্র হিসাবে পড়ে বালিগঞ্জের মধ্যে। তৃণমূলের কর্মীদের দাবি, এই পার্টি অফিস থেকেই বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। পার্টি অফিসে তল্লাশির খবর পেয়েই তৃণমূলের কর্মীরা সেই পার্টি অফিসার সামনে সমবেত হন। বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন তাদের পার্টি অফিস থেকে ‘ফাইল চুরি’ করে নেওয়া হচ্ছে। পাশাপাশি তৃণমূলের কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকে, “ফাইল চুরি হচ্ছে কেন স্বপন দাশগুপ্ত জবাব দাও”! নির্বাচনের মুখে এই ভাবে কেন্দ্রীয় এজেন্সী দিয়ে তৃণমূল প্রার্থীর বাড়ি ও অফিস তল্লাশির ঘটনাকে তৃণমূলের পক্ষ থেকে ষড়যন্ত্র ও প্রতিহিংসা বলে সমালোচনা করা হচ্ছে।
❤ Support Us







