Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • অক্টোবর ২৩, ২০২৪

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ

আবার রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে। বিক্ষোভে গোটা দেশ। তবে এবার আর দেশের সরকারের বিরুদ্ধে নয়। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। মঙ্গলবার কয়েক হাজার মানুষ বঙ্গভবনে ঢোকার চেষ্টাও করে। পুলিশি তৎপরতায় অবশ্য সফল হয়নি। আজ, বুধবারও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অনেকেই অবস্থান বিক্ষোভ করছেন।

গত সপ্তাহে বাংলাদেশের সংবাদপত্র দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেনছিলেন, গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনও প্রামাণ্য নথি তাঁর কাছে নেই। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাও রাষ্ট্রপতির এই মন্তব্যে ক্ষুব্ধ। আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতিকে ‘মিথ্যাচারী’ বলে অভিহিত করেছেন। তাঁর এই মন্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক বিক্ষোভ হয়। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। এই সমাবেশে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করা হয়। একই দাবিতে শাহবাগ ও বঙ্গভবনের সামনেও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চসহ বেশ কয়েকটি সংগঠন। বঙ্গভবনের সামনের রাস্তায় অবস্থান শুরু করে কয়েকহাজার বিক্ষোভকারী। রাতে একদল বিক্ষোভকারী বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, কক্সবাজার, ফেনী, মেহেরপুর, নড়াইল ও ঝিনাইদহেও বিক্ষোভ সংঘটিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য ৭ দিন সময় দিয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য এবং শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভে রাষ্ট্রপতির বিদায়ের ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে। রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করলে ভাল, না হলে সরকারের পক্ষ তাঁকে সরিয়ে দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!