- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৭, ২০২৬
১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, শনিবার পর্যন্ত জাঁকিয়ে শীত; পশ্চিমে শৈত্যপ্রবাহের আশঙ্কা, কুয়াশার দাপট জেলায় জেলায়
চলতি মরসুমের শীতলতম দিন ছিল মঙ্গলবার। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। যদিও এই শতকের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এখনও অটুট—২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতায় পারদ নেমেছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। সেই রেকর্ড ভাঙতে না পারলেও, বুধবারও শীতের দাপট বজায় থাকল শহরে।
বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের তুলনায় মাত্র ০.১ ডিগ্রি বেশি। তবে স্বাভাবিকের তুলনায় তা এখনও ৩.৬ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই শীতের প্রবণতা বজায় থাকবে। কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জেলাতেই ভোরের দিকে কুয়াশা থাকবে এবং কিছু জেলায় শৈত্যপ্রবাহ ও ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত রয়েছে।
মঙ্গলবার শহরে কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা ছিল একাধিক এলাকা। সেদিন কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি কম। বুধবার দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের তীব্রতা কার্যত একই রয়ে গেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পর ধীরে ধীরে পারদ প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৬ ডিগ্রি নীচে থাকার সম্ভাবনা।
পশ্চিমের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং বীরভূমে বৃহস্পতিবার শৈত্যপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের আরও ছয়টি জেলায় ‘শীতল দিন’-এর সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলি হল—হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। উত্তরবঙ্গে আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।
কুয়াশার দাপটও বাড়ছে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আটটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে, যেখানে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারের মধ্যে নেমে যেতে পারে। বুধবার এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং ও জলপাইগুড়িতেও ঘন কুয়াশার সতর্কতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
❤ Support Us






