- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২, ২০২৪
সন্ত্রাস পেরিয়ে উন্নয়ণের নজির গড়ল ভবানীপুর। মডেল বাজার নিয়ে খুশী হাসনাবাদের মানুষ
এই তো কয়েক বছর আগেও কথায় কথায় বোমা গুলির শব্দে কেঁপে উঠত গোটা এলাকা। সকাল সন্ধে বারুদের ঝাঁঝে এলাকা তটস্থ থাকত। রাজনৈতিক সঙ্ঘর্ষের রণাঙ্গন বলে পরিচিতি অর্জন করেছিল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ভবানীপুর –১ পঞ্চায়েতের মডেল বাজার। কয়েক বছর আগেও কেউ ভাবতে পারেনি ভবানীপুর ‘আবার শান্ত হবে’। এখন মডেলবাজার সত্যি ‘মডেল’ হয়ে উঠেছে।
পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী। তবে এলাকার মানুষ বলেন এটা ইছামতীর শাখা কাটাখাল। পার ভবানীপুর, কেউ বলে চিমটা খেয়াঘাট পেরিয়ে ভবানীপুর । নদীর ধারেই কংক্রিটের রাস্তা। সেই রাস্তার ২০ ফুট অন্তর এল ই ডি আলোর খুঁটি । কয়েক কিলোমিটার রাস্তা এল ই ডি আলোয় সেজেছে। প্রায় ৩০০ আলো বসেছে ভবানীপুর ১ থেকে ভবানীপুর ২ পর্যন্ত রাস্তায়। তবে ইয়াসের পরে নদীর ধার বরাবর রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল । কিছু আলোক স্তম্ভ ভেঙে যায়। সেগুলির মেরামত করে দিয়েছে পঞ্চায়েত। সন্ধ্যার পর জেলার যেকোন পুরসভা এলাকাও হার মানবে ভবানীপুর ১ এবং ২ পঞ্চায়েতের আলোর ব্যবস্থা দেখলে। এছাড়া বসেছে বেশ কয়েকটা উচ্চ আলোকস্তম্ভ। রাতের অন্ধকার চিরে অলোক মালা যেন ‘মুক্ত’ ছড়ায় কাটাখালের জলে। চিমটা থেকে খেয়া ভবানীপুরের ঘাটে ভিড়তেই চোখে পড়বে নদীর ধার বরাবর সার দিয়ে বাঘ, হরিণ, জিরাফ, নানা প্রজাতির পাখির সহাবস্থান। ফাইবারের তৈরি এই সব জীব জন্তুর মডেল গোটা এলাকার সৌন্দর্যায়ন ঘটিয়েছে। বসার জায়গা তৈরি হচ্ছে নদীর ধারে। নদীর ধার বরাবর রাস্তা যেন কোন বিনোদন পার্ক।
হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এসকেন্দার গাজি বলেন, একটা সময় ভবানীপুর এলাকার বদনাম হয়ে গিয়েছিল। আমরা এলাকার পরিবেশ পুনরুদ্ধারের চেষ্টা করছি। পঞ্চায়েত এলাকার উন্নয়নে নানা কর্মসূচি নিয়েছে। নদী বেষ্টিত এলাকা। পরপর কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ে উন্নয়ন কাজ অনেকটা ধাক্কা খেয়েছে। এখন আবার ঘুরে দাঁড়াবার কাজ শুরু হয়েছে। সৌন্দর্যায়নের জন্য পরিকল্পনার পাশাপাশি সরকারের জনকল্যানমুখী কাজের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলির স্বার্থক রূপায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ‘সদ্ভাব মন্ডল’। সেখানে যেকোন মতের, যে কোন ধর্মের মানুষ অনুষ্ঠান করতে পারবেন। মানুষের স্বার্থে উন্নয়নই যে মানুষকে বদলাতে পারে, গ্রামের পরিবর্তন আনতে পারে তার নজির মডেল বাজার।
❤ Support Us






