Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৫, ২০২৫

অভিনব উদ্যোগ স্কুলের, ১৮ মেধাবির মাকে সংবর্ধনা

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিনব উদ্যোগ স্কুলের, ১৮ মেধাবির মাকে সংবর্ধনা

স্কুলের তরফে বিভিন্ন শ্রেণীতে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার রেওয়াজ রয়েছে বহু জায়গায়। অভিনব ভাবনার নজির মিলল পূর্বস্থলী ১নং ব্লকের মিনাপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হল মঙ্গলবার। এখানকার প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের মায়েদের সংবর্ধিত করা হল। প্রধানশিক্ষক প্রসেনজিৎ সরকার জানান, ‘মায়েরাই শিশুদের সবথেকে বড় শিক্ষক। তাই তাঁদেরকে পুরস্কার দিয়ে সম্মান জানালাম। মায়েদের ঠিকঠাক তত্ত্বাবধান ছাড়া কোনও পড়ুয়া ভাল ফল করতে পারে না।’ পুরস্কারের মধ্যে ছিল স্কুলেরই দিদিমণিদের হাতে গড়া পিঠে-পুলি, তার সঙ্গে মানপত্র। মোট ১৮ জন মাকে এদিন সংবর্ধিত করা হল। ‘রত্নগর্ভা’দের পুরস্কারের ভাবনার প্রশংসায় পঞ্চমুখ এলাকার শিক্ষাপ্রেমী মানুষজন।

এলাকায় সিংহভাগ দিন আনা দিন খাওয়া পরিবারের বাস। ঘাম ঝরানো কাজের ফাঁকেই সময় করে সন্তানদের হাত ধরে রোজ স্কুলে পৌঁছে দেওয়া, পড়াশোনা ও স্কুল সংক্রান্ত বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলা, সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করার মানসিকতাকেই স্বীকৃতি দিল স্কুল। সংবর্ধনায় আপ্লুত যশপুরের মুন্নি মল্লিক, কচুয়ার আরতি বাগরা বলছিলেন, ‘প্রথম কোনও মঞ্চে উঠলাম। সংবর্ধনা পেলাম। খুব ভাল লাগছে। ছেলে-মেয়েরা যাতে আরও ভাল করে লেখাপড়া করে, সেই চেষ্টা করব।’ প্রাণের থেকেও প্রিয় স্কুল ছেড়ে এবার অন্য স্কুলের ‘বাসিন্দা’ হতে হবে। তাই বড্ড মন খারাপ চতুর্থ শ্রেণী উত্তীর্ণদের। ভাল ফল করেও চোখে বিরহের জল। আর ৪ বছরের ‘সংসার’ ভাঙার বেদনা বুকের খাঁজে আটকে রেখে পড়ুয়াদের গায়ে মাথায় আশ্বাসের হাত রেখে শিক্ষক-শিক্ষিকারা বলছিলেন, তোরা ভাল থাকিস। জগৎ জয় করে আবার কখনো ফিরে আসিস এই স্কুলের বকুলতলায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!